১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোম্পানির ক্ষেত্রে সিকিউরিটিজের সুদে উৎসে কর বাড়ল

কোম্পানি ছাড়া বাকি করদাতাদের ক্ষেত্রে করের হার আগের মতই থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 03:48 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

কোম্পানি করদাতার ক্ষেত্রে সরকারি সিকিউরিটিজ, সরকার বা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের অনুমোদিত সিকিউরিটিজের সুদ থেকে আয়ের ওপর উৎসে কর বাড়িয়েছে সরকার।

বুধবার অর্থ আইনের কিছু সংশোধন করা এক অধ্যাদেশে বলা হয়েছে, কোম্পানি করদাতার ক্ষেত্রে সিকিউরিটিজের সুদের ওপর উৎসে করের হার হবে ১৫ শতাংশ, যা এতদিন ১০ শতাংশ ছিল। 

আর কোম্পানি ছাড়া বাকি করদাতাদের ক্ষেত্রে করের হার আগের মতই ১০ শতাংশ থাকবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। 

চলতি অর্থবছরের শুরুতে সব ক্ষেত্রেই উৎসে করের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছিল; এবার কোম্পানি করদাতার ক্ষেত্রে এ হার আরেক দফা বাড়ল।

সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে সংগ্রহ করা অগ্রিম কর চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হবে, যা কেবল বাণিজ্যিকভাবে পরিচালিত মোটরযান থেকে আয়ের বিপরীতে প্রযোজ্য হবে।

অর্থাৎ, ব্যক্তিগত গাড়ি বা অবাণিজ্যিক ব্যবহারের যানবাহনের জন্য এটি প্রযোজ্য নয়।

তবে এই অগ্রিম করের ওপর ভিত্তি করে করদাতার মোটরযান থেকে অর্জিত আয় হিসেব করতে করতে হবে।

এবং করদাতা যদি বেশি আয় প্রদর্শন করেন, সেক্ষেত্রে যেটুকু বেশি প্রদর্শন করেছেন, ওই অংশের ওপর নিয়মিতভাবে করারোপ করা হবে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এ সংশোধনী আনা হয়েছে এ অধ্যাদেশের মাধ্যমে।

সেখানে বলা হয়, সরকার এখন থেকে গেজেট প্রজ্ঞাপন বা বিশেষ আদেশের মাধ্যমে যে কোনো পণ্য, পণ্য শ্রেণি বা সেবাকে মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক বা অগ্রিম কর থেকে অব্যাহতি দিতে পারবে।

এর ফলে এনবিআর থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা কমিয়ে জাতীয় সংসদের ওপর ন্যস্ত করার যে আলোচনা ছিল, তা থেকে সরে এল সরকার।