Published : 23 Jun 2026, 05:48 PM
ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করা পর্তুগাল দলের প্রতি শ্রদ্ধার কমতি নেই উজবেকিস্তান কোচ ফাবিও কান্নাভারোর। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তো আছেনই, এর বাইরে আরও অনেকেই যে কোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তাই সব মনোযোগ রোনালদোর দিকে দিয়ে বিপদ ডেকে আনতে চান না কান্নাভারো।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান। আগের ম্যাচে তেমন কিছু করতে না পারায় বেশ তেতে থাকবেন রোনালদো। তবে তার দিকে অতিরিক্ত মনোযোগ দিতে দলকে মানা করলেন উজবেকিস্তানের কোচ।
“শুধুমাত্র ক্রিশ্চিয়ানোর দিকে নজর দিতে পারি না। সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু পর্তুগাল দলে আরও বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং বেঞ্চেও আছে। ক্রিশ্চিয়ানো যে কোনো পরিস্থিতিতে গোল করতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে।”
বিশ্বকাপ অভিষেকে কলম্বিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারে উজবেকিস্তান। পরের ম্যাচের প্রতিপক্ষ আরও কঠিন। তবে এই দলের আরও বেশি লড়াইয়ের ছাপ দলের খেলায় দেখতে চান ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক কান্নাভারো।
“সবসময়ের মতো আমি বলি, আমাদের হারানোর কিছু নেই। পর্তুগাল পুরোটা সময় খেলা নিয়ন্ত্রণের চেষ্টা করবে। ভালো শুরু করে গতিময় ফুটবল খেলার চেষ্টা করবে। আমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।”
“আমাদের নিজস্ব পরিকল্পনা আছে। আমি জানি, আমরা ভালো দলের বিপক্ষে মাঠে নামবে। সেরাটা দেওয়ার চেষ্টা করব, শেষ মুহূর্ত পর্যন্ত খেলায় থাকার চেষ্টা থাকবে আমাদের। দলকে কলম্বিয়ার চেয়ে আরও বেশি লড়াকু মানসিকতা নিয়ে খেলতে বলেছি। আমরা বোকার মতো শুধু দৌড়াতে পারি না।”