০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘কেইপ ভার্ডের বিপক্ষে আর্জেন্টিনার সমস‍্যা হবে কেউ ভেবেছিল?’

নরওয়ের বিপক্ষে ম‍্যাচের আগে আর্জেন্টিনা ও কেইপ ভার্ডের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের কথা সামনে আনলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

‘কেইপ ভার্ডের বিপক্ষে আর্জেন্টিনার সমস‍্যা হবে কেউ ভেবেছিল?’
অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 12:26 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে ম‍্যাচের আগে আধুনিক ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে আর্জেন্টিনা ও কেইপ ভার্ড ম‍্যাচের উদাহরণ টানলেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচ প্রশ্ন তুললেন, ম‍্যাচের আগে কে ভাবতে পেরেছিলেন এই ম‍্যাচে আর্জেন্টিনার সমস‍্যা হবে?

শেষ বত্রিশের ম‍্যাচে আর্জেন্টিনার বিপক্ষে দুইবার সমতা ফেরায় কেইপ ভার্ড। আত্মঘাতী গোলে তৃতীয়বার পিছিয়ে পড়ার পর আর পারেনি তারা। শেষের উৎকণ্ঠার সময়টুকু কোনোমতে পার করে দেয় লিওনেল স্কালোনির দল।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নিউ ইয়র্কে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার ২টায় (এএম) শুরু হবে ম্যাচ।

এর আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, আধুনিক ফুটবলে যে কোনো দল যে কাউকে চমকে দিতে পারে। 

“কেইপ ভার্ডের বিপক্ষে আর্জেন্টিনার সমস‍্যা হবে, কে ভেবেছিল? কেউই না। ওরা ভুগেছিল, কারণ এটাই আধুনিক ফুটবল। খুব ভালোভাবে প্রস্তুত হওয়া একটা দলের বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। আমি তাদের খাটো করার জন‍্য বলছি না। এমন সুন্দর ম‍্যাচ উপহার দেওয়ায় কেইপ ভার্ডের খেলোয়াড় ও তাদের কোচের অভিনন্দন পাওয়ার যোগ‍্য।” 

দীর্ঘ বিরতির পর বড় কোনো টুর্নামেন্টে খেলতে এসেছে নরওয়ে। তাই বলে তাদের হালকা করে নেওয়ার কোনো সুযোগ দেখেন না ব্রাজিল কোচ।

“ওরা উঁচু মানে আক্রমণাত্মক একটি দল, খুব ভারাসাম‍্যপূর্ণ। ওদের বিপক্ষে দ্রুত প্রতি আক্রমণে যাওয়া কঠিন। কারণ, তাদের মাঝমাঠের নিয়ন্ত্রণ দারুণ।

“অবশ‍্যই আমি ওদের নিয়ে চিন্তিত। তবে এর মানে এই না যে, আমি উদ্বিগ্ন। ম‍্যাচে কী ঘটতে পারে তা নিয়ে চিন্তিত হওয়াটাই স্বাভাবিক, তবে আমি আত্মবিশ্বাসী। আশা করি, কালকের ম‍্যাচেও আমরা উন্নতির ধারায় থাকব।”