১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘরের মাঠে ইরাকের বিপক্ষে স্পেনের হোঁচট

পজেশন রাখায় ও আক্রমণে আধিপত্য করেও, ফিনিশিংয়ে যথেষ্ট কার্যকর হতে না পারা মূল মঞ্চে ভাবনার কারণ হতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য।

ঘরের মাঠে ইরাকের বিপক্ষে স্পেনের হোঁচট
ইরাকের রক্ষণে বেশিরভাগ সময় চাপ ধরে রেখেও প্রত্যাশিত ফল পেল না স্পেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 03:33 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটা আশানুরূপ হলো না স্পেনের। আসছে বৈশ্বিক আসরের শিরোপাপ্রত্যাশীদের তাদেরই মাঠে রুখে দিল ইরাক।   

স্পেনের লা করুনায় বৃহস্পতিবার প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফেররান তরেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন মের্কাস দস্কি।

ম্যাচের শুরু থেকে একচেটিয়া চাপ ধরে রাখা স্পেন অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারতো; তবে আলেক্স বায়েনার শট দারুণ ক্ষীপ্রতায় ঠেকিয়ে দেন আহমেদ বাসিল। আট মিনিট পর তিনি আর পারেননি, মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন ফেররান তরেস।

প্রথম ২৫ মিনিটে ২৫ শতাংশেরও কম সময় পজেশন রাখা ইরাক ২৭তম মিনিটে চমৎকার গোলে সমতা টানে। ডি-বক্সের বাঁ পাশ থেকে আচমকা জোরাল শট নেন জার্মানিতে জন্ম নেওয়া লেফট-ব্যাক মের্কাস দস্কি, গোলরক্ষক হোয়ান গার্সিয়া লাফিয়েও নাগাল পাননি, দূরের পোস্ট দিয়ে বল ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে পুরো একাদশই পরিবর্তন করেন। তাতে দলটি চাপ ধরে রাখতে পারলেও, ফিনিশিংয়ে প্রত্যাশা পূরণের মতো কিছু করতে পারেনি। বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে যা দলটির জন্য মোটেও ইতিবাচক কিছু নয়।  

তাছাড়া, স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো নয়। তুরস্কের সঙ্গে ড্র করে গত বছর শেষ করার পর, গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়ার বিপক্ষে জিতলেও হোঁচট খায় মিশরের বিপক্ষে।

বিরতির পরও ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ডও একে একে ১০টি পরিবর্তন আনেন। দলটি প্রতিপক্ষকে আবার চমকে দিতে না পারলেও, বিশ্বকাপের ফেভারিটদের বিপক্ষে এমন হার না মানা পারফরম্যান্সে আরও আত্মবিশ্বাসী হতে পারে তারা। 

গত সপ্তাহে প্রথম প্রস্তুতি ম্যাচে ইরাক হারায় অ্যান্ডোরাকে। আগের দুটি ম্যাচেও জিতেছিল তারা, সংযুক্ত আরব আমিরাত ও বলিভিয়ার বিপক্ষে।

আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে স্প্যানিশরা, পেরুর বিপক্ষে। আর ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের।

বিশ্বকাপ অভিযানে নামার আগে আগামী বুধবার ভেনেজুয়েলার বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরাক। এরপর ১৭ জুন নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল মঞ্চে যাত্রা শুরু হবে এশিয়ার দলটির। 

ফ্রান্সকে স্তব্ধ করে কোত দি ভোয়ার স্মরণীয় জয়