০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘উপভোগ করুন, উদযাপন করুন’, প্রথমবার নকআউটে উঠে আইভরি কোস্ট কোচ

দেশের ২০ বছরের অপেক্ষার অবসান করতে পেরে আনন্দের যেন শেষ নেই আইমার্স ফাইয়ের।

‘উপভোগ করুন, উদযাপন করুন’, প্রথমবার নকআউটে উঠে আইভরি কোস্ট কোচ
নকআউটে উঠে আইভরি কোস্টের ফুটবলারদের আনন্দনৃত্য। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 11:37 AM

Updated : 19 Sep 2026, 02:29 PM

আইভরি কোস্টের প্রথম বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন আইমার্স ফাই। বিশ্বমঞ্চে দলটির প্রথমবার নকআউট পর্বে ওঠার ঐতিহাসিক দিনেও তিনি আছেন দলের সঙ্গে, তবে এবার ভিন্ন দায়িত্বে। মুহূর্তটি দেশবাসী ও সমর্থকদের উপভোগ করতে বলেছেন আফ্রিকার দলটির কোচ।

ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার শেষ গ্রুপ ম্যাচে কুরাসওকে ২-০ গোলে হারায় আইভরি কোস্ট। দলটির হয়ে দুটি গোলই করেন নিকোলাস পেপে।

তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট।

২০০৬ সালে যখন প্রথমবার বিশ্ব মঞ্চে লড়ে আইভরি কোস্ট, তখন দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ হয়নি ফাইয়ের। জার্মানির ওই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেন তারা।

পরের দুই বিশ্বকাপেও জায়গা করে নেয় আইভরি কোস্ট। ২০১০ ও ২০১৪, এই দুই আসরেও গ্রুপ পর্বের বৈতরণী পার করতে পারেনি দলটি। ফাইয়ের কোচিংয়ে ২০ বছরের অপেক্ষার অবসান হলো দলটির।

ম্যাচ শেষে দেশবাসীর উদ্দেশ্যে ফাই বলেন, “ঐতিহাসিক এই যোগ্যতা অর্জনকে উপভোগ করুন, এটা উদযাপন করুন।”

“উদযাপন শেষ হওয়ার পর, দয়া করে আমাদের ইতিবাচক বার্তা পাঠাতে থাকুন, আমাদের জন্য প্রার্থনা করুন এবং উৎসাহ দিন, যাতে আমরা এই টুর্নামেন্টে যতদূর সম্ভব এগিয়ে যেতে পারি।”

টেক্সাসের আর্লিংটনে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে আগামী মঙ্গলবার গ্রুপ ‘আই’ এর রানার্সআপ দল ফ্রান্স অথবা নরওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট।