০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসিকে বিশ্বকাপ উপভোগ করতে দেখে খুশি দে পল

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার বলেছেন, নির্ভার মেসি এখন অনেক বেশি আনন্দে সময় কাটাচ্ছেন।

মেসিকে বিশ্বকাপ উপভোগ করতে দেখে খুশি দে পল
লিওনেল মেসির (বাঁয়ে) সঙ্গে দলের জয় উদযাপন করছেন রদ্রিগো দে পল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 03:22 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে লিওনেল মেসির পাওয়ার নেই আর তেমন কিছু। সম্ভাব্য সব ট্রফিই আছে তার। নির্ভার থাকায় এবারের বিশ্বকাপ বেশ উপভোগ করছেন তিনি। আর বন্ধুকে এভাবে দেখতে ভীষণ ভালো লাগছে আর্জেন্টিনার বিশ্ব জয়ী মিডফিল্ডার রদ্রিগো দে পলের।

একটা সময় প্রবল সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছিল মেসিকে। জাতীয় দলের জার্সিতে বড় কোনো শিরোপা জিততে যে পারছিলেন না তিনি। হতাশায় আন্তর্জাতিক ফুটবলকে একবার বিদায়ও বলে দিয়েছিলেন আর্জেন্টাইন জাদুকর।

পরে মন বদলে অবসর ভেঙে আবার জাতীয় দলে ফেরেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে জেতেন দুটি কোপা আমেরিকা। টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব জেতার মাঝে ২০২২ সালে পান বিশ্বকাপ জয়ের অনির্বচনীয় স্বাদ।

গতবারের মতো এবারও বিশ্ব মঞ্চে দলকে পথ দেখিয়ে যাচ্ছেন মেসি। এবার যেন আরও বেশি উপভোগ করছেন তিনি। এখন পর্যন্ত আটটি গোল ও একটি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন এই ফরোয়ার্ড। গোল্ডেন বলের বিবেচনায়ও থাকবেন প্রবলভাবে।

এবারের আসরে এখন পর্যন্ত বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি, ২১টি। সব মিলিয়ে সময়টা বেশ ভালো কাটছে তার।

আর্জেন্টিনা দলও এগিয়ে যাচ্ছে। শিরোপা ধরে রাখার অভিযানে অনেক চড়াই-উতরাই পেরিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেছে তারা। সেখানে ইংল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দলটি। ওই ম্যাচ নিয়ে আলোচনার সময় জাতীয় দল ও ইন্টার মায়ামির সতীর্থ মেসিকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা বলেন দে পল।

“এই জার্সির জন্য তাকে যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে এবং যা কিছুর বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, সেসবের বিবেচনায় তাকে এভাবে খেলা উপভোগ করতে দেখে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার মনে হয়, এই বিশ্বকাপেই তাকে সত্যিকার অর্থে খেলাটা উপভোগ করতে দেখা যাচ্ছে।

“অবশ্যই, আমরা তার মানসিকতা জানি, কীভাবে সে প্রস্তুতি নেয় এবং প্রতিটি ম্যাচকে কীভাবে দেখে। তার খুশি দেখে এবং তাকে খেলা উপভোগ করতে দেখে, বন্ধু হিসেবে এটা আমাকে অনেক আনন্দ দেয়।”

আটলান্টায় বাংলাদেশ সময় ১৬ জুলাই ১টায় (এএম) দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।