Published : 20 Jun 2026, 06:41 PM
কুরাসাওয়ের মতো কোত দি ভোয়া হাত-পা গুঁটিয়ে বসে থাকবে না। আফ্রিকার দলটির গতিময় খেলোয়াড়রা চাপ দিতে চাইবে। দখলে রাখতে চাইবে মাঝমাঠ। জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান তাই আসছে ম্যাচের প্রতিপক্ষ নিয়ে ভীষণ সতর্ক।
টরেন্টোয় বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও কোত দি ভোয়া। দুই দলই উত্তর আমেরিকা বিশ্বকাপে পেয়েছে শুভসূচনা। কুরাসাকে ৭-১ গোলের মালা পরিয়েছে জার্মানি। শেষ দিকের গোলে একুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়েছে কোত দি ভোয়া।
ওই ম্যাচে কোত দি ভোয়ার নিকোলাস পেপে খেলেছেন মাঠ জুড়ে। দলটির বাকি গতিময় খেলোয়াড়দের আটকানোর পথ খুঁজছেন নাগেলসমান।
“তাদের দারুণ রক্ষণভাগ আছে। তিন বিভাগেই আছে গতিময় খেলোয়াড়। সবশেষ ম্যাচে ওদের পেপে ছিল প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে। মাঠের সর্বত্র ছিল সে।”
“আমরা কিছু পদক্ষেপ নিয়েছি এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি যাতে করে, যতটা সম্ভব প্রতিপক্ষের শক্তি খর্ব করে দিতে পারি। তবে, সবসময় আমরা সফল হব না। কেননা, কোত দি ভোয়া খুবই ভালো দল। কিন্তু, আমরা নিজেদের খেলাটা খেলব।”
নিজেদের মান বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়নরা দেখিয়ে রেখেছে গ্রুপ পর্বের শুরুতে। গোল উৎসব করে। তবে কুরাসাওয়ের বিপক্ষে পুরোটা সময় খেলেও, গোল না পাওয়া লেরয় সানে আছেন সমালোচকদের তোপের মুখে।
৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আগলে রাখলেন নাগেলসমান। তবে, সানেকে জার্মান কোচ মনে করিয়ে দিলেন, ভালো কিছু লেখার উপলক্ষ্য তৈরি করিয়ে দিতে হবে তাকেই।
“আমার খেলোয়াড়দের নিয়ে যখন, গণমাধ্যমকর্মীরা এমনটা লেখে, এটা আমাকে বিরক্ত করে। কিন্তু আমি মনে করি, তাকে নিয়ে আরও ভালো লেখার উপলক্ষ্য তৈরি করে দিতে হবে তাকেই।”’
“আমি মনে করি না, এই সমালোচনা তার আত্মবিশ্বাস বদলে দিবে। এটা তখনই কাজে দেয়, যখন সে ভালো খেলে এবং কোত দি ভোয়ার বিপক্ষে সে ভালো একটা ম্যাচ খেলবে, আশা করি আমি।”