০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘সুশৃঙ্খল ও গোছানো’ নরওয়ের জন্য প্রস্তুত আইভরি কোস্ট

হলান্ড-ওদেগোরদের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখিয়ে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী আইভরি কোস্ট কোচ আইমার্স ফাই।

‘সুশৃঙ্খল ও গোছানো’ নরওয়ের জন্য প্রস্তুত আইভরি কোস্ট
নকআউটে উঠে আইভরি কোস্টের ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 06:22 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

আর্লিং হলান্ড, মার্টিন ওদেগোরের মতো তারকা নিয়ে গড়া নরওয়ে দলকে খুবই সুশৃঙ্খল ও গোছানো মনে হয় আইমার্স ফাইয়ের। ইউরোপের দলটির মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের দলীয় সংহতি নিয়ে বেশ সতর্ক আইভরি কোস্ট কোচ। তবে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা আছে তার।

২৮ বছর পর বিশ্বকাপে খেলতে এসে প্রথম দুই ম্যাচে জিতেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। শেষ গ্রুপ ম্যাচে অবশ্য তারা ফ্রান্সের বিপক্ষে উড়ে গেছে ৪-১ গোলে। যদিও ওই ম্যাচে শুরুর একাদশের ১০ জনকেই খেলাননি নরওয়ে কোচ স্তল সুলবাকেন।

নরওয়ের মতো দুটি ম্যাচ জিতে গ্রুপ রানার্স আপ হয়েছে আইভরি কোস্টও। একুয়েডরের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করে দলটি। পরের ম্যাচ জার্মানিকে হারানোর সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারেনি, হেরে যায় ২-১ গোলে। পরে কুরাসাওকে হারিয়ে নিশ্চিত করে পরের ধাপে খেলা।

বাংলাদেশ সময় মঙ্গলবার শেষ বত্রিশের লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে আইভরি কোস্ট। ডালাসে মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষের উচ্ছ্বসিত প্রশংসা করেন ফাই।

“তারা খুবই ভালো দল, সুশৃঙ্খল ও গোছানো। তাদের মানসম্মত প্রতিভাবান খেলোয়াড় আছে। তবে তারা একসঙ্গে খুব ভালো খেলে। তারা অত্যন্ত আগ্রাসী, কার্যকর এবং বাস্তববাদী। গোল করার জন্য তাদের পাঁচ-ছয়টা সুযোগের প্রয়োজন হয় না। পোস্টের সামনে তারা ভীষণ নিখুঁত।”

“আমাদের সামর্থ্য আছে, আমরা জানি কীভাবে খেলতে হয় এবং শারীরিক শক্তির দিক থেকেও আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ম্যাচ নিয়ন্ত্রণ করার পাশাপাশি নিজেদের গতিতে খেলার চেষ্টা করব।”

আসরে প্রথম দুই ম্যাচে জোড়া গোল করেছেন হলান্ড। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করাদের তালিকায় আছেন যৌথভাবে দুইয়ে। আলাদা করে ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকারকে স্তুতির জোয়ারে ভাসিয়েছেন আইভরি কোস্ট কোচ ফাই।

“হলান্ডকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই, সবাই তাকে চেনে। সে শীর্ষ মানের খেলোয়াড়, তার প্রাণশক্তি অনেক। তাকে খেলতে দেখলে মনে হয়, নিজের দেশের হয়ে খেলতে পেরে সে ভীষণ গর্বিত।”

“সে তার সতীর্থদের জন্য উদাহরণ। দলের জন্য সে অনেক কিছু করে। যেকোনো মুহূর্তে, যেকোনো উপায়ে সে গোল করতে পারে। সে সত্যিই বিশেষ একজন খেলোয়াড়। নরওয়ে তাকে পেয়ে ভাগ্যবান।”