Published : 15 Jun 2026, 07:38 PM
বিশ্বকাপে ফেরার উপলক্ষটা জয়ে রাঙাতে পেরে আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেছে কোত দি ভোয়ার। একুয়েডরকে হারানো দলটির কোচ আইমার্স ফাই এবার হুমকি ছুঁড়েছেন জার্মানির দিকে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে পরের ধাপে খেলা নিশ্চিত করতে চান তিনি।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সোমবার ভোরে একুয়েডরকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে পথচলা শুরু করেছে কোত দি ভোয়া। ৯০তম মিনিটে বদলি নামা আমাদ জিয়ালোর গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে গত দুই আসরে বাছাই উতরাতে না পারা দলটি।
বিশ্ব মঞ্চের জন্য যে তারা প্রস্তুত, আসর শুরুর আগেই সেই প্রমাণ দিয়েছে কোত দি ভোয়া। প্রীতি ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে তারা। দক্ষিণ কোরিয়াকে তো রীতিমতো উড়িয়ে দিয়েছে দলটি, জিতেছে ৪-০ গোলে। আর স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে ১-০ গোলে।
১৯ ম্যাচ অপরাজিত থেকে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল একুয়েডর। গ্যালারি ঠাসা ছিল তাদের দর্শকে। মনে হচ্ছিল, যে একুয়েডরের ঘরের মাঠে হচ্ছে খেলা। কিন্তু অন্তিম সময়ের গোলে সবাইকে স্তব্ধ করে দিয়ে দারুণ এক জয়ের আনন্দে মাতে কোত দি ভোয়া।
তারুণ্য নির্ভর দলটির পারফরম্যান্সে সন্তুষ্ট ফাই এখন আরও বড় স্বপ্ন দেখছেন। তার মতে, বিশ্বকাপে নিজেদের ছাপ রাখতে পেরেছে কোত দি ভোয়া।
“আমরা এই (জয়ের) উদ্দেশ্যে এবং অনেক স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছি। আমরা এখানে কেবল ঘুরতে আসিনি যে ম্যাচ খেলেই দেশে ফিরে যাব। আপাতত সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী খুব ভালোভাবেই এগোচ্ছে।”
“আমরা ফ্রান্সকে হারিয়েছি। একুয়েডরের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় দিয়ে এই টুর্নামেন্টে ভালো শুরু করেছি। নিজেদের খেলাটা খেলতে পেরেছি এবং জিতেছি। যা প্রমাণ করে, আমাদের দল নিজেদের ভালোভাবে মেলে ধরতে পেরেছে।”
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে নবাগত কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মানি। একপেশে লড়াইয়ে ৭-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। পরের ম্যাচে এই জার্মানদের মুখোমুখি হবে কোত দি ভোয়া।
আগামী শনিবারের প্রতিপক্ষ নিয়ে একটুও ভীত নন ফাই। এখন পর্যন্ত বিশ্বকাপে গ্রুপ পর্বের গণ্ডি পেরুতে না পারা কোত দি ভোয়া কোচ বললেন, জার্মানদের হারিয়েই পরের ধাপে খেলার টিকেট নিশ্চিত করতে চান।
“এটা আরেকটি কঠিন ম্যাচ হবে। প্রতিপক্ষ জার্মানি! তাদের অভিজ্ঞতা অনেক। বিশ্বকাপ তারা কয়েকবার জিতেছে। ইউরোপের বড় বড় ক্লাবগুলোতে তাদের খেলোয়াড়রা খেলে। তাদের আক্রমণভাগ এবং গোল করার ক্ষমতা দুর্দান্ত।”
“প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই ৭-১ ব্যবধানে জিতেছে তারা। এটা ছোট কোনো ব্যাপার নয়। তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। জেতার মানসিকতা নিয়ে এবং দ্বিতীয় ম্যাচেই পরের ধাপে খেলা নিশ্চিত করার চেষ্টা করব। তাদের চোখে চোখ রেখে লড়াই করব এবং নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমাদেরও নিজস্ব শক্তি আছে। আমরা সেই শক্তির ওপর ভরসা করব এবং জার্মান প্রাচীর ভাঙার চেষ্টা করব।”