০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নিজেকে প্রমাণের কিছু নেই জার্মানি কোচের

জার্মানি কোচ মনে করেন, নিজেকে কারো কাছে প্রমাণ করা তার দায়িত্বের মধ‍্যে পড়ে না।

নিজেকে প্রমাণের কিছু নেই জার্মানি কোচের
জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 03:26 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

প‍্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে প্রমাণের কোনো চাপ অনুভব করছেন না ইউলিয়ান নাগেলসমান। এক যুগের মধ‍্যে প্রথমবার জার্মানিকে নকআউট পর্বে নেওয়া এই কোচ মনে করেন, নিজেকে কারো কাছে প্রমাণ করা তার দায়িত্বের মধ‍্যে পড়ে না। 

বাংলাদেশ সময় সোমবার রাত আড়াইটায় শেষ ষোলোয় যাওয়ার ম‍্যাচে প‍্যারাগুয়ের বিপক্ষে খেলবে জার্মানি। 

টানা নয় জয় নিয়ে বিশ্বকাপে খেলতে আসে জার্মানি। ৭-১ গোলে কুরাসাওকে উড়িয়ে দিয়ে আসর শুরু করে তারা। পরে কোস্টা রিকার বিপক্ষে যোগ করা সময়ের গোলে শেষ বত্রিশে জায়গা করে নেয়। 

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। এবার ছন্দে থাকা দলটি গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে হেরে যায় একুয়েডরের বিপক্ষে। টানা ১১ জয়ের পর ওই হারে ভক্তদের মাঝে জেগে উঠে সতর্ক ঘণ্টা। সাবেকরাও নানা বিষয়ে উন্নতির তাগিদ দেন। 

ওই হারে গ্রুপে জার্মানির অবস্থানে কোনো প্রভাব পড়েনি, আগেই শীর্ষস্থান নিশ্চিত করে রেখেছিল তারা। কিন্তু এরপরও নাগেলসমানের উপর ক্রমেই চাপ বাড়ছে। আর টুর্নামেন্টের আগে থেকেই এই কোচ বলে আসছেন, তার লক্ষ‍্য একটাই- শিরোপা। 

“এখানে গুরুত্বপূর্ণ হলো দল ও সাফল‍্য। আমাদের দলে যে সুন্দর আবহ আছে সেটা মাঠে ফুটিয়ে তোলা। আমি মনে করি না, খেলোয়াড়দের সাহায‍্য করা ও ওদের তৈরি করা ছাড়া আমার কোনো কিছু প্রমাণ করার আছে।”

“আমি মনে করি না, কারও কাছে নিজেকে প্রমাণ করা আমার দায়িত্বের মধ‍্যে পড়ে।”

২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মানির কোচ হন নাগেলসমান। এটাই তার প্রথম বিশ্বকাপ। ছন্দে থাকা দেনিস উন্দাফকে তিন ম‍্যাচের কোনোটিতেই শুরুর একাদশে রাখেননি তিনি। বদলি নেমে তিনটি গোল করেছেন উন্দাফ, অবদান রেখেছেন দুটি গোলে। 

সুনির্দিষ্ট একটি লাইনআপ নিয়ে নামার জন‍্যও তার সমালোচনা চলছে। ছন্দে না থাকলেও জামাল মুসিয়ালা, ফ্লোহিয়ান ভিয়েৎসদের শুরুর একাদশে রাখছেন তিনি। 

আট সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বে এসেছে প‍্যারাগুয়ে। শেষ বত্রিশের লড়াইয়ে জার্মানির বিপক্ষে তারা আন্ডারডগই। তবে সেভাবে দেখছেন না নাগেলসমান।

“তারা অস্বস্তিকর এক প্রতিপক্ষ যারা আমাদের কঠিন পরীক্ষা নেবে। জাতীয় দলের প্রসঙ্গ এলে সবসময় জয়ই লক্ষ‍্য। প্রতিটি ম‍্যাচ জয়ের চেষ্টা করতে হবে।”

“প্রত‍্যাশার চাপ আপনি সামলাবেন নিজস্ব আত্মবিশ্বাস দিয়ে আর খেলোয়াড়দের ভালো পরিকল্পনা দেবেন যেন তারা স্বস্তিবোধ করে এবং মাঠে সঠিক কাজটা করে। যদি জয় পান তো সব নিখুঁত আর যদি হেরে যান সবই বাজে। তাই আগামীকাল আমাদের জিততে হবে।”