রেফারির সমালোচনা করে তদন্তের মুখে টুখেল
টটেনহ্যাম ম্যাচ শেষে রেফারি ও ভিএআরের সমালোচনা করেন চেলসি কোচ।
টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে বারুদে ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন চেলসি কোচ টমাস টুখেল। ক্ষোভ ঝেড়েছিলেন ভিএআর নিয়েও। এ ঘটনায় খুব সহজে পার পাচ্ছেন না তিনি। তার বিরুদ্ধে তদন্ত করছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার প্রিমিয়ার লিগে চেলসি ও টটেনহ্যামের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
কালিদু কলিবালি ১৯তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে টটেনহ্যামকে সমতায় ফেরান পিয়া-এমিল হয়বিয়া। পরে চেলসিকে আবার এগিয়ে নেন রিস জেমস।
ওই গোলেই চেলসি জিতে যাবে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে হ্যারি কেইনের গোলে পয়েন্ট আদায় করে আন্তোনিও কন্তের দল।
ম্যাচ জুড়েই ছিল উত্তেজনার নানা উপকরণ। মাঠের ফুটবলে ছিল তুমুল লড়াই, ফুটবলাররা মেজাজও হারান বারবার। সেখানে বাড়তি রসদ জোগান দেন চেলসি কোচ টুখেল ও টটেনহ্যাম কোচ কন্তে।
চড়া মেজাজের দুই কোচ এ দিন ছিলেন তুমুল খ্যাপাটে। তাতে পরিস্থিতি হয়ে পড়ে যেন যুদ্ধংদেহী। টটেনহ্যাম প্রথমবার সমতায় ফেরার পর টুখেল ও কন্তে একে অপরের দিকে এমনভাবে তেড়ে যান যে প্রায় হাতাহাতিতে রূপ নিচ্ছিল বিষয়টি।
ম্যাচ শেষে করমর্দনের সময় ফের লেগে যায় দুজনের। প্রথমবার দুজনেই দেখেছিলেন হলুদ কার্ড। দ্বিতীয়বার দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচ শেষে সংবাদসম্মেলনে রেফারি অ্যান্থনি টেইলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টুখেল। তার দাবি, টটেনহ্যামের দুই গোলের একটিও আসলে হওয়া উচিত নয়। পরবর্তীতে চেলসির কোনো ম্যাচে টেইলরকে আর খেলা পরিচালনার দায়িত্ব না দেওয়া হলে সেটা “ভালো হবে” বলেও মন্তব্য করেন টুখেল।
টেইলরকে সামনে চেলসির ম্যাচে দায়িত্ব না দিতে ক্লাবের সমর্থকরা অনলাইন পিটিশন শুরু করেছেন। এরই মধ্যে যেখানে এক লাখেরও বেশি স্বাক্ষর পড়েছে।
ম্যাচ শেষে অবশ্য টুখেল ও কন্তে দুজনই নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা আর বাড়তে দিতে চাননি। এনিয়ে খুব বেশি কথাও বলেননি দুজনের কেউই।
