Published : 01 Oct 2022, 11:17 PM
কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন জসুয়া কিমিখ ও টমাস মুলার। বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচের পর তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে শনিবার বিষয়টি জানিয়েছে বায়ার্ন। দুই খেলোয়াড়ের কারো মধ্যেই রোগের কোনো উপসর্গ নেই এবং তারা বাড়িতে আইসোলেশনে আছেন।
বুন্ডেসলিগায় শুক্রবার বায়ার লেভারকুজেনের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ছিলেন মিডফিল্ডার কিমিখ ও ফরোয়ার্ড মুলার। ৮৪তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ৩৩ বছর বয়সী মুলার।
কিমিখ এর আগে প্রথম কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন গত বছরের শেষের দিকে। মুলারও দ্বিতীয়বারের মতো আক্তান্ত হলেন রোগটিতে। প্রথমবার হয়েছিলেন গত ফেব্রুয়ারিতে।
আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগায় তিন নম্বরে আছে ইউলিয়ান নাগেলসমানের দল।
বায়ার্নের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার, চ্যাম্পিয়নন্স লিগে ভিক্তোরিয়া প্লাজেনের বিপক্ষে।