১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে বেলের প্রথম শিরোপা

অতিরিক্ত সময়ে বদলি নেমে গোল করে ম্যাচ টাইব্রেকারে নেন ওয়েলস ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 08:54 PM

Updated : 06 Nov 2022, 09:06 PM

১২০ মিনিটের খেলা শেষে ৯ মিনিট যোগ করা সময়ের অষ্টম মিনিটের খেলা চলছিল। লস অ্যাঞ্জেলেসের সামনে তখন পরাজয়ের চোখ রাঙানি। ত্রাতা হয়ে এলেন গ্যারেথ বেল। সতীর্থের ক্রসে হেডে গোল করে দলকে ফেরালেন সমতায়। পরে টাইব্রেকারে জিতে তারা পেল শিরোপার স্বাদ।

প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছে লস অ্যাঞ্জেলেস। যুক্তরাষ্ট্রের দলটির হয়ে বেলের এটি প্রথম শিরোপা।

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শনিবার রাতে হওয়া ম্যাচটিতে ফিলাডেলফিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৩-০ গোলে জেতে বেলের দল।

পায়ের চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন গত জুনে দলটিতে যোগ দেওয়া বেল। ৯৭তম মিনিটে বদলি হিসেবে নামেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তখন ম্যাচে ছিল ২-২ সমতা।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ১২০ মিনিটের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর শেষ মুহূর্তে বেলের ওই গোল।    

টাইব্রেকারে দুটি সেভ করেন বদলি হিসেবে নামা গোলরক্ষক জন ম্যাককার্থি।

ম্যাচের পর বেল বলেন, দলের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে তিনি খুব খুশি।

“ফাইনালে গোল করতে সবসময়ই ভালো লাগে এবং আমার মনে হয় এটি করার সামর্থ্য আমার আছে। এটা বড় অর্জন। এটা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ, ভক্তদের জন্যও গুরুত্বপূর্ণ।”

কাতার বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ আগে বেলের মাঠে ফেরা ওয়েলসের জন্য দারুণ সংবাদ। আগামী বুধবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে দলটি।

বিশ্ব মঞ্চে 'বি' গ্রুপে আছে ওয়েলস। তাদের সঙ্গী ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইরান।

আগামী ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বেলদের বিশ্বকাপ অভিযান।