ইউভেন্তুসে চাকরি নিয়ে ঝুঁকি দেখছেন না আল্লেগ্রি
মৌসুমে কোনো প্রতিযোগিতাতেই ভালো অবস্থায় নেই মাস্সিমিলিয়োনো আল্লেগ্রির দল।
মৌসুমের শুরু থেকেই ধুঁকছে ইউভেন্তুস। সেরি আ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, কোনো জায়গায়ই ভালো অবস্থানে নেই দলটি। এমনকি খেলায় নেই উন্নতির ছাপও। কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগির ওপর চাপ তাই ক্রমশ বেড়েই চলেছে। তিনি অবশ্য এসব নিয়ে ভাবছেন না বলেই জানালেন।
ইতালির শীর্ষ লিগে গত মৌসুমে কোনোমতে চারে থেকে শেষ করা ইউভেন্তুস এই মৌসুমে শুরু থেকেই নেই ছন্দে। সেরি আয় ৬ ম্যাচে মাত্র দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে দলটি আছে আট নম্বর স্থানে।
ইউরোপ সেরার মঞ্চে আল্লেগ্রির দলের চিত্রটা তো আরও খারাপ। আসরে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে হারের পর গত বুধবার বেনফিকার কাছে ২-১ গোলে হেরেছে তারা। এতে দলটির সামনে এখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা উঁকি দিচ্ছে।
সব মিলিয়ে দলের টানা হতশ্রী পারফরম্যান্সে আল্লেগির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন কেবল বাড়ছেই। বেনফিকা ম্যাচের পর এই বিষয়ে জানতে চাওয়া হলে আমাজন প্রাইমকে তিনি বলেন, চাকরি নিয়ে উদ্বিগ্ন নন তিনি।
“(চাকরি নিয়ে) আমি মোটেও ঝুঁকি অনুভব করছি না। এই মুহূর্তগুলো ফুটবলের অংশ। এই প্রথমবার আমরা চ্যাম্পিয়ন্স লিগে টানা দুটি ম্যাচ হারলাম।”
“২-১ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়েছে, তবে এটা ৩-১ বা ৪-১ হতে পারত। এমনকি আমরা ড্রও করতে পারতাম, তবে আমাদের পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে খারাপ ছিল”
নিজেদের পরবর্তী ম্যাচে সেরি আয় আগামী রোববার মনসার বিপক্ষে খেলবে ইউভেন্তুস।
