অঁরির চোখে যেখানে হলান্ডের চেয়ে এগিয়ে এমবাপে
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা মনে করেন, এমবাপে গোল করার পাশাপাশি সুযোগও তৈরি করতে পারে আর হলান্ড শুধুই গোল করতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর মাঠে গড়ানোর দিনে একটি জায়গায় দারুণ মিল ছিল কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ডের। নিজ নিজ দলের হয়ে দুই জনই করেন জোড়া গোল। তবে এই দুজনের মাঝে তেমন মিল খুঁজে পান না থিয়েরি অঁরি। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার মতে, এমবাপে গোল করার পাশাপাশি সুযোগও তৈরি করতে পারেন, আর হলান্ড কেবলই গোল করতে পারেন।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় মঙ্গলবার রাতে সেভিয়াকে তাদের মাঠেই ৪-০ গোলে উড়িয়ে দেয় হলান্ডের ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ইউভেন্তুসের বিপক্ষে ২-১ গোলে জেতে এমবাপের পিএসজি।
গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়া হলান্ড দারুণ ছন্দে আছেন। ইংলিশ দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১২ গোল করেছেন স্রেফ ৮ ম্যাচে।
চ্যাম্পিয়ন্স লিগে ২০ ম্যাচে তার গোল হয়ে গেছে ২৫টি। নরওয়ের এই ফরোয়ার্ডের চেয়ে কম ম্যাচে ২৫ গোল এই প্রতিযোগিতার ইতিহাসে আর কেউ করতে পারেনি। ২২ বছর ৪৭ দিন বয়সে মাইলফলক ছুঁয়ে সর্বকনিষ্ঠ হিসেবে ছাড়িয়ে গেছেন এমবাপের কীর্তি।
ইউরোপ সেরার মঞ্চে ৫৪ ম্যাচে এমবাপের গোল এখন ৩৫টি। এই মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে তার গোল ৯টি।
সময়ের সেরা দুই প্রতিভাবান ফুটবলারের মধ্যে স্বদেশী এমবাপেকেই এগিয়ে রাখছেন অঁরি। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার সিবিএস নিউজের সঙ্গে আলাপচারিতায় এর ব্যাখ্যাও দিয়েছেন।
“এমবাপে সুযোগ তৈরি করতে পারে এবং গোল করতে পারে। হলান্ড সুযোগ তৈরি করে না। সে শুধু গোল করে। এমবাপে ডানে ও বাম দিকে খেলতে পারে। সে মাঝেও খেলতে পারে। হলান্ড শুধু মাঝে খেলতে পারে।”
চ্যাম্পিয়ন্স লিগে অধরা শিরোপা জয়ের খোঁজে তারকাসমৃদ্ধ পিএসজি গত মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নেয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে। দুই লেগে এমবাপের দুই গোলে একটা পর্যায়ে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল প্যারিসের দলটি। কিন্ত করিম বেনজেমার ১৭ মিনিটের হ্যাটট্রিকে বাজিমাত করে মাদ্রিদের দলটি।
গোলের সুযোগ মিস না করলে পিএসজি জিততে পারত বলে মনে করেন অঁরি।
“এমবাপে দুর্দান্ত খেলোয়াড়। তাকে নিয়ে গত বছর রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি জিততে পারত। তারা যে সুযোগগুলো মিস করেছে সেখানে যদি সে থাকত...তাদের একটি বা দুটি গোল করার দিকে মনোযোগ দিতে হবে। এমবাপেকেই আমি এগিয়ে রাখব।”
