আয়াক্স ছেড়ে লিওঁতে আর্জেন্টাইন ডিফেন্ডার
তিন বছরের চুক্তিতে লিওঁতে পাড়ি দিয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো।
ডাচ ক্লাব আয়াক্সে আলো ছড়ানোর পর নতুন চ্যালেঞ্জ নিতে ফ্রান্সের ফুটবলে পা রাখলেন নিকোলাস তাগলিয়াফিকো। তিন বছরের চুক্তিতে লিওঁতে যোগ দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার।
লিগ ওয়ানের দলটি শনিবার তাগলিয়াফিকোকে দলে টানার কথা নিশ্চিত করে। এজন্য তাদের খরচ হয়েছে ৪২ লাখ ইউরো।
আয়াক্সের হয়ে একশর বেশি ম্যাচ খেলেছেন তাগলিয়াফিকো। ক্লাবটির হয়ে জিতেছেন তিনটি ডাচ লিগ ও দুটি ডাচ কাপ শিরোপা।
২৯ বছর বয়সী এই ফুটবলার আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪০ ম্যাচ। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
