Published : 07 Sep 2022, 07:21 PM
বয়সভিত্তিক ফুটবলে মালদ্বীপকে সামনে পেলেই যেন জ্বলে ওঠেন মিরাজুল ইসলাম। তিনি উপহার দিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। বিশাল জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ।
কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছে পল স্মলির দল।
প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করল তারা।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে আগামী সোমবার ‘বি’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবেন মিরাজুলরা।
মালদ্বীপের বিপক্ষে নাজমুল হুদা ফয়সালের গোলে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে জোড়া গোল করা মুর্শেদ আলী ব্যবধান দ্বিগুণ করেন ৩৮তম মিনিটে।
দ্বিতীয়ার্ধে শুরু হয় মিরাজুল ‘শো’। ৭৪ থেকে ৭৭, তিন মিনিটের মধ্যে দুই গোল করেন তিনি। যোগ করা সময়ে পূরণ করেন হ্যাটট্রিক।
গত জুলাইয়ে ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মিরাজুল।