ওসাসুনা ম্যাচে রেফারিং নিয়ে ফুঁসছেন রেয়াল কোচ
লা লিগায় ওসাসুনার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ার পর রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রেয়াল মাদ্রিদ কোচ।
রেফারিং নিয়ে অভিযোগ যেন শেষ হওয়ার নয় রেয়াল মাদ্রিদের। এবার ওসাসুনার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। কড়া সমালোচনা করেছেন রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তের।
লা লিগায় শনিবার ওসাসুনার মাঠে ১-১ ড্র করে রেয়াল। এতে স্পেনের শীর্ষ লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকে দলটি। এস্পানিওলের বিপক্ষে হারের পর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
ওই দুই ম্যাচের রেফারিং নিয়েও সমালোচনা করেছিল রেয়াল। এস্পানিওল ম্যাচ শেষে তো আনুষ্ঠানিক অভিযোগও করেছিল তারা।
ওসাসুনা ম্যাচে ভিএআরেরও সমালোচনা করেছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের দাবি, ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে ফাউল এবং বক্সের ভেতর আলেহান্দ্রো কাতেনার হ্যান্ডবলের জন্য সম্ভাব্য তিনটি পেনাল্টি দেখেনি ভিএআর।
পেনাল্টির জোরাল দাবি তুলে ম্যাচের ২১তম মিনিটে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন আনচেলত্তি। এর কিছুক্ষণ পর রেফারিকে কিছু একটা বলে সরাসরি লাল কার্ড দেখেন রেয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
পঞ্চদশ মিনিটে দেওয়া কিলিয়ান এমবাপের গোলে তখনও এগিয়ে ছিল রেয়াল। কিন্তু একজন কম নিয়ে খেলা দলটি দ্বিতীয়ার্ধে আর ব্যবধান ধরে রাখতে পারেনি। ডি-বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গা ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি হোসে মুনুয়েরা।
শ্লেষের হাসি দিয়ে এ সময় হাততালি দিতে দেখা যায় আনচেলত্তিকে। এরপর ম্যাচ শেষে অল্প কথায় নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি।
“আমার মনে হয়, শেষ তিন ম্যাচে এমন কিছু ঘটেছে যা সবাই দেখেছে এবং আর কিছু বলতে চাই না। কারণ, আমি পরের ম্যাচে ডাগআউটে থাকতে চাই।”
“ওসাসুনার পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল হয়েছে, এটা বলায় রেফারি আমাকে হলুদ কার্ড দেখিয়েছে। তার উচিত ছিল ভিএআরে গিয়ে সেটা যাচাই করা… ওরা নিশ্চয়ই পরে ভিএআর চালু করেছে...”
ম্যাচটি ড্র করলেও ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই আছে রেয়াল। এদিনই সেল্তা ভিগোর সঙ্গে ১-১ ড্র করে শীর্ষে যাওয়ার সুযোগ হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা।
২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের সামনে সুযোগ আছে মাদ্রিদের দুই ক্লাবকে টপকে শীর্ষে যাওয়ার।
