১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই’, বললেন জার্মান কোচ

শেষ দুই ম‍্যাচ জিতে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান।

‘পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই’, বললেন জার্মান কোচ
ইউলিয়ান নাগেলসমান। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

শীর্ষ দুই দলের মধ‍্যে পার্থক‍্য কেবল গোল ব‍্যবধানে। এই সময়ে পা হড়কালে চড়া মাশুল দিতে হতে পারে। তাই কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষায় যাওয়ার মেজাজে নেই ইউলিয়ান নাগেলসমান। বাছাইপর্বের শেষ দুই ম‍্যাচ জিতে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান জার্মানি কোচ।

৪ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে জার্মানি (+৫)। গোল পার্থক‍্যে তাদের চেয়ে পিছিয়ে দুই নম্বরে স্লোভাকিয়া (+৩)। এই দুই দল মুখোমুখি হবে আগামী ১৭ নভেম্বর। সরাসরি বিশ্বকাপে খেলার পথে দুই দলের জন‍্যই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই ম‍্যাচ।

এর আগে আগামী শুক্রবার লুক্সেমবার্গের বিপক্ষে খেলবে জার্মানি। সোমবার সংবাদ সম্মেলনে দলটির কোচ নাগেলসমান এই দুই ম‍্যাচ নিয়ে নিজের ভাবনা তুলে ধরলেন। 

“আমরা (দলে) ভালো একটা ভারসাম্য চাই। প্রতিটি পজিশনে দ্বিগুণ বিকল্প রাখতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো… এই ম্যাচগুলোতে সফল হওয়া, ছয় পয়েন্ট অর্জন করা এবং বিশ্বকাপে জায়গা করে নেওয়া।”

“আমরা অন্য ফলাফলের ওপর নির্ভর করি না, শুধু নিজেদের দলের পারফরম্যান্সের ওপর ভরসা রাখি।”

সেপ্টেম্বরে স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করে জার্মানি। এরপর টানা তিনটি ম্যাচেই জয় পায় সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা। দলকে সেই ধারাতেই দেখতে চান কোচ নাগেলসমান। 

“আমাদের আর কোনো ভুল করার সুযোগ নেই। আমরা উন্নতি করেছি, যেমনটা বলেছি, শুরুটা ভালো হয়েছে… তবে এখনও কাজ শেষ করতে হবে।”