১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আনচেলত্তিকে ‘হুমকি’ দিলেন সুলবাকেন, প্রশংসাও করলেন

উত্তর আমেরিকা বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে প্রতিপক্ষ ব্রাজিলকে এগিয়ে রাখলেন নরওয়ে কোচ স্তল সুলবাকেন।

আনচেলত্তিকে ‘হুমকি’ দিলেন সুলবাকেন, প্রশংসাও করলেন
ব্রাজিলের অনুশীলনে কথা বলছেন কোচ কার্লো আনচেলত্তি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 05:54 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ঘটনা আইভরি কোস্ট ম্যাচের পরের। নরওয়ে কোচ স্তল সুলবাকেন ড্রেসিং রুমে খেলোয়াড়দের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তৃতা দিচ্ছিলেন। শেষের দিকে বলেছিলেন, “…এবং অপেক্ষা করুন, আনচেলত্তি, আমরা আপনার জন্য আসছি।” ওই ভিডিও নরওয়ে ফুটবল ফেডারেশন পোস্ট করলে, দ্রুতই ছড়িয়ে পড়ে চারদিক।

নিউ ইয়র্কে উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রোববার, বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। এ ম্যাচ সামনে রেখে সুলবাকেনের বলা ওই কথাগুলো অনেকে দেখছেন, ব্রাজিল কোচের প্রতি তার ‘হুমকি’ হিসেবে। তবে, নরওয়ে কোচ বললেন, মজা করেই কথাটি বলেছিলেন তিনি।

“ওই কথাগুলো উস্কানি থেকে সম্ভবত অনেক দূরে-ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, তিনি সম্ভবত গুয়ার্দিওলা, মরিনিয়ো এবং আরও এক বা দুই জনের সঙ্গে ইউরোপীয় ফুটবলের ইতিহাসের সেরা কোচ।

“তাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। চ্যাম্পিয়ন্স লিগে চেলসি ও রেয়াল মাদ্রিদের বিপক্ষে এফসি কোপেনহেগেনের ম্যাচের সময়, তার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। তিনি চমৎকার একজন মানুষ। দারুণ রসবোধ সম্পন্ন। তার ও ব্রাজিলের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আমি মনে করি, আমার ওই কথায় তারা মজার দিকটি দেখতে পারে, এটা কোনো গভীর বিশ্লেষণ ছিল না।”

খেলোয়াড় হিসেবে ব্রাজিলকে হারানোর অতীত অভিজ্ঞতা আছে সুলবাকেনের। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বের দেখায় সেলেসাওদের হারানো নরওয়ে দলের সদস্য ছিলেন তিনি। তবে, আসছে ম্যাচে, সেই অতীত কোনো কাজে লাগবে বলে মনে করেন না কোচ।

“আমি মনে করি, ব্রাজিল তাদের পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে। ভালো থেকে আরও ভালো হচ্ছে এবং সব পজিশনে তাদের শক্তিশালী খেলোয়াড় আছে। আমরা এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে উন্মুখ হয়ে আছি।

“অবশ্যই, ব্রাজিল ফেভারিট এবং এই বিশ্বকাপ জয়ের বড় দাবিদার। কিন্তু, আমাদের ভাগ্যে লেখা, আমরা তাদের মুখোমুখি হব। তাদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে আমাদের।”

আনচেলত্তির ব্রাজিলকে প্রশংসা, সমীহ করলেও নিজ দলের প্রতি আস্থার কমতি নেই সুলবাকেনের। বিশেষ করে, তার দলের আক্রমণভাগে আছে আর্লিং হলান্ড নামের এক গোলমেশিন। যার নৈপুণ্যে আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্বে প্রথম জয়ের স্বাদ পেয়েছে নরওয়ে। নিউ ইয়র্কে সে স্বপ্না যাত্রা টেনে নেওয়ার লক্ষ্য নিয়ে নামবে নরওয়ে, বললেন সুলবাকেন।

“ব্রাজিল ফেভারিট, অবশ্যই তারা ফেভারিট, কিন্তু তাদেরকে দারুণ একটা ম্যাচ উপহার দিতে আমরা আশাবাদী। ম্যাচটা আমরা মজা করার জন্য খেলব না-জয়ের জন্য এবং কোয়ার্টার-ফাইনালে ওঠার জন্য খেলব।

“আনচেলত্তি এখন পর্যন্ত যা করেছেন এবং ব্রাজিল যা করেছে, তাদের প্রতি আমাদের ভীষণ শ্রদ্ধা আছে, কিন্তু রোববারের ম্যাচে, যে কোনো কিছু ঘটতে পারে।”