Published : 28 Jun 2026, 09:29 AM
মিশরের সঙ্গে ড্রয়ে শুরু হয় কানাঘুষা, ফের ইরানের বিপক্ষে ড্রয়ে জাগে শঙ্কা। তবে, নিউ জিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে, অনিশ্চয়তার মেঘ সরিয়ে নকআউট পর্বে উঠেছে বেলজিয়াম। কিন্তু, এখনই বড় স্বপ্ন দেখতে চান না থিবো কোর্তোয়া। বেলজিয়ামের এই অভিজ্ঞ গোলকিপার মনে করেন, শিরোপার দাবিদার হওয়া থেকে এখনও অনেক দূরে তারা।
তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠেছে বেলজিয়াম। সিয়াটলে আগামী বুধবার শেষ বত্রিশের ম্যাচ খেলতে নামবে তারা।
বেলজিয়ামের গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে ঢের। ফিফার সাথে আলাপচারিতায়, কোর্তোয়া মাথা পেতে নিলেন সমালোচনা।
“আমরা জানতাম (বাইরে সমালোচনা হচ্ছে), এটা যৌক্তিকও। মিশরের সাথে আমরা ড্র করেছিলাম, নিজেদের সেরাটা ওই ম্যাচে খেলতে পারিনি। এরপর আমাদের ইরানের বিপক্ষে জিততে হতো, কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করলাম, এই জায়াগায় আমরা একটু ভুগেছি। তাতে করে, শেষ ম্যাচটা আমাদের জন্য হয়ে উঠেছিল, সবকিছু পাওয়ার কিংবা হারানোর।”
“আমি মনে করি, উত্তরটা আমরা ভালোভাবে দিতে পেরেছি এবং এখন অবশ্যই, আমরা দেখব কাদের বিপক্ষে খেলতে হবে (সেরা বত্রিশে)। আশা করি, পরের ম্যাচে ভালো খেলবে দল। সমালোচনা হওয়া যৌক্তিক। এটাই ফুটবল এবং বিষয়গুলো এমনই হওয়া উচিত। বেলজিয়ামের কাছে মানুষের অনেক প্রত্যাশা এবং সেটা আমরা মেনে নিচ্ছি।”
নিউ জিল্যান্ড ম্যাচের সাফল্যে অবশ্য উড়তে চাইছেন না কোর্তোয়া। ৩৪ বছর বয়সী এই গোলকিপার বাস্তবের জমিনে পা রেখে, ধাপে-ধাপে এগোনোর পক্ষে।
“না, আমি এমনটা মনে করি না (যে আমরা বিশ্বকাপ জিততে পারি)। আমাদের বাস্তববাদী হতে হবে। আমি মনে করি, এ মুহূর্তে শিরোপার দাবিদার হওয়া থেকে আমরা অনেক দূরে আছি। আমার মনে হয়, যখন আমরা সেমি-ফাইনাল উঠব, সম্ভবত তখন এটা নিয়ে কথা বলতে পারি। নয়তো, এটা অসম্ভব।”
“নিজেদের ভাবনা, যদি আমরা কোয়ার্টার-ফাইনালে উঠি, সেখানে দারুণ খেলতে পারি, তাহলে এরপর…ফুটবলে সবকিছুই সম্ভব। কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। আমি মনে করি না, ২০১৮ সালের মতো বর্তমান দলটি একই মানের। তবে, এই দলও খুব ভালো।”