১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে কোনো ফেভারিট দেখেন না সিমেওনে

ফেভারিট তত্ত্বেই বিশ্বাস নেই আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডারের।

বিশ্বকাপে কোনো ফেভারিট দেখেন না সিমেওনে
আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার জুলিয়ানো সিমেওনে। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 08:17 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

উত্তর আমেরিকা আসরে ফেভারিট হিসেবে ফ্রান্স ও স্পেনের পাশাপাশি ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল‍্যান্ড, জার্মানি, পর্তুগালের কথা বলছেন কেউ কেউ। কিন্তু তাতে একমত নন জুলিয়ানো সিমেওনে। তার মতে, পেশাদার ক্রীড়ায় ফেভারিট তত্ত্বটাই অকার্যকর।

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া সিমেওনে ফিফার মুখোমুখি হয়ে নিজের ফুটবল, তার ক‍্যারিয়ারে স্কালোনির ভূমিকা, লিওনেল মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা, ব্রাজিলের বিপক্ষে গোলের অনুভূতি, বিশ্বকাপ নিয়ে প্রথম স্মৃতিসহ নানা বিষয়ে কথা বলেছেন। 

সেখানেই এক প্রশ্নের জবাবে ২৩ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ফেভারিট ধারণাতেই বিশ্বাস নেই তার। 

“বিশ্বকাপে কোনো ফেভারিট নেই। চার বছর পর বিশ্বকাপ হয় এবং এখানে থাকার জন‍্য কঠোর পরিশ্রম করতে হয়। নিজের ফর্ম ও ফিটনেসের চূড়ায়ও থাকতে হয়।”

“আমরা যারাই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যাচ্ছি, তারা নিজেদের সেরাটাই দেব। ক্রীড়ায় ফেভারিট নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। চার বছরের কঠোর পরিশ্রমের পরও, চোখের পলকে একটি ম‍্যাচ ছুটে যেতে পারে। আমরা স্রেফ ম‍্যাচ ধরে ধরে খেলব এবং যে শিরোপা জেতার জন‍্য আমার সতীর্থরা উন্মুখ, সেটা ধরে রাখতে আমরা নিজেদের উজাড় করে দেব।”

২০২৪ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনের ছেলে জুলিয়ানোর। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি, বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে। এই স্মৃতি আজীবন মনে রাখবেন তিনি। 

“এটা অবশ‍্যই আমার সবচেয়ে প্রিয় স্মৃতির একটা। দেশের হয়ে আমার প্রথম গোল ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার বিখ‍্যাত জয় নিশ্চিত করে এবং এটা ছিল দুর্দান্ত দলীয় পারফরম‍্যান্সের অংশ। এস্তাদিও মনুমেন্তালে সেদিন উপস্থিত ছিল আমার পরিবারের সদস‍্যরা… এমনকি এটা নিয়ে এখনও চিন্তা করলে রোমাঞ্চিত হই।”

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম‍্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন‍্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।