১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আর্সেনালে ফিরতি লেগে খেলবেন আলভারেস, নিশ্চিত কোচ

শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে দলের সবাইকে ফিট অবস্থায় পেতে আশাবাদী আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

আর্সেনালে ফিরতি লেগে খেলবেন আলভারেস, নিশ্চিত কোচ
হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 04:25 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

অস্বস্তি নিয়ে যখন মাঠ ছাড়েন হুলিয়ান আলভারেস, তখন থেকেই শুরু হয়ে যায় নানা জল্পনা-কল্পনা। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে তার খেলা নিয়ে উঁকি দিতে থাকে শঙ্কা। আপাতত সেই কালো মেঘ সরিয়ে দিয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে। আর্সেনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।

ঘরের মাঠে বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ১-১ ড্র করে আর্সেনাল। ভিক্তর ইয়োকেরেশের গোলে পিছিয়ে পড়ার পর সমতা টানেন আলভারেস। দুই গোলই হয় পেনাল্টি থেকে।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে আলভারেসের গোল হলো ১০টি। আতলেতিকোর প্রথম ফুটবলার হিসেবে এই প্রতিযোগিতার এক মৌসুমে ১০টি গোল করার কীর্তি গড়লেন তিনি।

দারুণ অর্জনের দিনটিতে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি আলভারেস। দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের সঙ্গে বল দখলের চেষ্টায় পায়ে আঘাত পান তিনি। পরে আরও কিছুক্ষণ মাঠে থাকলেও বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি। ৭৭তম মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হন সিমেওনে।

আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে শেষ চারের দ্বিতীয় লেগ খেলবে আতলেতিকো। ওই ম্যাচটিতে ২৬ বছর বয়সী আলভারেসকে পেতে আত্মবিশ্বাসী সিমেওনে।

“চোটের অবস্থা বুঝতে তার কিছু পরীক্ষা করা হবে। আশা করছি গুরুতর কিছু নয়। আমি সবসময়ই আশাবাদী।”

প্রথমার্ধে চোট পান সিমেওনের ছেলে আতলেতিকোর আরেক ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনে। বিরতির পর তাকে আর মাঠে নামাননি কোচ। আর গা গরমের সময়ে অস্বস্তি বোধ করা আলেকসান্দার সরলথ এদিন বেঞ্চেই ছিলেন।

ফাইনালের ওঠার লড়াইয়ের শেষ ম্যাচে সবাইকে ফিট অবস্থায় পাওয়ার আশা করছেন সিমেওনে।

“খেলোয়াড়দের সম্পর্কে জানি, আগামী মঙ্গলবার (লন্ডনে) তারা সবাই থাকবে। জুলিয়ানোর চোট, হুলিয়ানের যে সমস্যা, আর সরলথের পেশিতে টান লেগেছে। তবে মঙ্গলবার তাদের সবাইকে পাওয়া নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”