এবার রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন রাফিনিয়া
বার্সেলোনার জার্সিতে আরেকটি রেকর্ডে আরেক গ্রেটের পাশে বসেছেন ব্রাজিলিয়ান তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে লিওনেল মেসিকে ছাড়িয়ে গড়েছিলেন নতুন এক রেকর্ড। দুর্দান্ত যাত্রায় এবার আরেকটি রেকর্ডে আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর পাশে বসলেন রাফিনিয়া।
সান সিরোয় মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগে দুই গোলে পিছিয়ে পড়ার পর অসাধারণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে সমতায় ফেরার পর, শেষ দিকে দ্বিতীয় প্রচেষ্টায় দারুণ গোলে দলকে এগিয়ে নেন রাফিনিয়া।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে পেদ্রির পাস বক্সে পেয়ে রাফিনিয়ার নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন সমের। তবে ফিরতি বল আবার পেয়ে যান ব্রাজিলিয়ান তারকা, এবার জোরাল শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে এই নিয়ে সবচেয়ে বেশি গোলে অবদান (গোল+অ্যাসিস্ট) রাখার কীর্তি গড়লেন রাফিনিয়া, ২১টি। ২০১৩-১৪ আসরে সমান সংখ্যক গোলে অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন পর্তুগিজ তারকা রোনালদো, রেয়াল মাদ্রিদের জার্সিতে।
একই সঙ্গে আরেক রেকর্ডেও নাম লিখিয়েছেন রাফিনিয়া। ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট করলেন তিনি; ১৯৯৯-২০০০ আসরে সমান ৯টি করে রেকর্ড গড়েছিলেন আরেক পর্তুগিজ গ্রেট লুইস ফিগো।
গত সপ্তাহে প্রথম লেগে ফেররান তরেসের গোলে অবদান রেখেও একটি রেকর্ড গড়েছিলেন রাফিনিয়া। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সবচেয়ে বেশি ২০টি গোলে অবদান রেখে ছাড়িয়ে যান ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসিকে।
