‘রেফারিকে অপমানজনক কিছু বলেননি’ লাল কার্ড পাওয়া বেলিংহ্যাম
রেয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডারের মতে, ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন তিনি।
ওসাসুনার কর্নারের পর রেফারিকে কিছু একটা বললেন জুড বেলিংহ্যাম। তাকে সরাসরি লাল কার্ড দেখালেন হোসে মুনুয়েরা। বেলিংহ্যামের দাবি, রেফারিকে অপমানজনক করে কিছু বলেননি তিনি। নিজের ওপর হতাশার বহিঃপ্রকাশ করছিলেন রেয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার।
লা লিগায় শনিবার ১-১ ড্র হওয়া ম্যাচের ৩৯তম মিনিটের ঘটনা এটি। প্রতিপক্ষের কর্নার শেষেমাঝ মাঠের দিকে দৌড়ে যান বেলিংহ্যাম। তখন রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় তাকে।
হুট করেই বেলিংহ্যামকে লাল কার্ড দেখান রেফারি। অবাক হয়ে যান রেয়াল মাদ্রিদ মিডফিল্ডার। হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে কথা বলেন বেলিংহ্যাম।
“রেফারি নিশ্চিত না হয়েও যখন ধরে নেন যে (কথাটা) আমি বলেছি, আসলে আমি সেটা বলিনি, তখন কাজটা কঠিন হয়ে পড়ে। আর সেটা ওই দলের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমার মনে হয়, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে…ঘটনাটা আমার খুব ভালোভাবে মনে আছে, এটা আমার নিজের প্রতি একটা এক্সপ্রেশন ছিল।”
“এমনকি আমি রেফারির দিকেও যাচ্ছিলাম না, তবে অবশ্যই ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি মনে করেছিলেন, আমি তাকে অপমানজনক কিছু বলেছি। তাকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো অপমানজনক কথা ছিল না। আর সেই কারণেই আমার মনে হয়, সেখানে ভুল বোঝাবুঝি ছিল।”
বেলিংহ্যাম মাঠ ছাড়ার পরও ১-০ গোলে এগিয়ে ছিল রেয়াল। শেষ পর্যন্ত একজন কম নিয়ে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। সমতায় শেষ হয় লড়াই।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেলিংহ্যামের লাল কার্ড নিয়ে কথা বলেন কার্লো আনচেলত্তিও। রেয়াল কোচ স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটা রেফারিকে উদ্দেশ্য করে ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
“আমার মনে হয়, বেলিংহ্যামের লাল কার্ডের মাধ্যমে এটা বুঝা গেল, রেফারি ইংরেজি ভালো বোঝেন না। আমি মনে করি না, তার (বেলিংহ্যাম) কথা আক্রমণাত্মক কিছু।”
“আমার মনে হয়, রেফারি চাপে ছিলেন বলেই লাল কার্ড দেখিয়েছেন। বেলিংহ্যাম আজ এমন কিছু করেনি যে তাকে মাঠ ছাড়তে দেওয়া হয়েছে, একেবারে কিছুই না।”
