০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ম্যানচেস্টার সিটির ভরসার প্রতিদান দিতে চান ফোডেন

পেপ গুয়ার্দিওলার বিদায়ের পর, নতুন কোচের হাত ধরে নতুন শুরুর সম্ভাবনা দেখছেন এই ইংলিশ মিডফিল্ডার।

ম্যানচেস্টার সিটির ভরসার প্রতিদান দিতে চান ফোডেন
ম‍্যানচেস্টার সিটির অনুশীলনে ফিল ফোডেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 05:23 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

কোনোকিছুই যখন ঠিকঠাক হচ্ছিল না, কাটছিল কঠিন সময়, প্রতিকূল সেই পরিস্থিতিতে ক্লাবকে পাশে পেয়ে কৃতজ্ঞ ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুম শুরুর আগে এই ইংলিশ মিডফিল্ডার জানালেন, তার খুব প্রয়োজনের সময় ক্লাব যেভাবে ভরসা রেখেছিল, এবার তার প্রতিদান দিতে চান তিনি।

পেপ গুয়ার্দিওলার বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্লাবের ইতিহাসের অবিশ্বাস্য সফল এক অধ্যায়। এবার প্রধান কোচ এন্টসো মারেস্কার হাত ধরে নতুন যাত্রা শুরু করবে তারা। সেই যাত্রায় নিজের ক্যারিয়ারও ‘নতুন করে’ শুরুর লক্ষ্য ফোডেনের।

২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে ১৯টি গোল ও আটটি অ্যাসিস্ট করেন ফোডেন এবং সেবার লিগ শিরোপা জয় করে সিটি। ওই বছরের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার এবং প্রিমিয়ার লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি।

ওই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছিলেন ফোডেন।

তবে, পরের দুই মৌসুমে আর তেমন পারফরম্যান্স করতে পারেননি তিনি- গত মৌসুমে সব মিলিয়ে কেবল ১০টি গোল করতে পারেন; জাতীয় দল ও ক্লাব মিলিয়ে সবশেষ ৩১ ম্যাচে পাননি জালের দেখা।  

তবে মাঠে ওই ভোগান্তির মাঝেই ক্লাবের থেকে নতুন চুক্তির প্রস্তাব পান ফোডেন এবং গত মাসে চার বছরের নতুন চুক্তি করেন তিনি। ফলে, ২০৩০ পর্যন্ত ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। 

তাতে ভবিষ্যৎ নিয়ে তার অনিশ্চয়তাও কেটে গেছে। বিবিসি স্পোর্টকে সেই কথাই বললেন ফোডেন, দিলেন প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি।

“এটা (নতুন চুক্তি) আমাকে নির্ভার করেছে এবং এখন নিজেকে সেরা রূপে মেলে ধরার কাজে মনোযোগ দিতে পারব এবং এই ফুটবল ক্লাব যেভাবে আমার ওপর ভরসা রেখেছে, তার প্রতিদান দিতে পারব।

“ক্লাবের থেকে এমন সমর্থন পাওয়াটা দারুণ ব্যাপার এবং অবশ্যই, আমার কাছে এর মূল্য অনেক। এখন সময় আমার চেষ্টা করার এবং এই ক্লাবকে প্রতিদান দেওয়ার।”

সাবেক কোচ গুয়ার্দিওলার সময়ে ১৭ বছর বয়সে সিটির সিনিয়র দলে অভিষেক হয় ফোডেনের। ক্লাবটির হয়ে সেই থেকে ৩৬৯টি ম্যাচ খেলে ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা জিতেছেন তিনি।

গত মৌসুম শেষে বিদায় নেন গুয়ার্দিওলা এবং নতুন কোচ হয়ে আসেন তারই একসময়ের সহকারী মারেস্কা।

আগের মৌসুমের হতাশার পর, এই গ্রীষ্মে কেমন লাগছে- এমন প্রশ্নের উত্তরে সিটির একাডেমি থেকে উঠে আসা ফোডেন বলেন, “খুব ভালো, নতুন শুরু, নতুন কোচ এবং এখন পর্যন্ত সত্যিই উপভোগ করছি। 

“খুব অদ্ভূত লাগছে, তবে আমি এন্টসোকে আগে থেকে চিনি, এই ব্যাপারটা সাহায্য করছে। তাকে আমি বেশ ভালোভাবে জানি, তিনি কেমন, সেটাও জানি।”

আগামী ২৩ অগাস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু হবে সিটির। এর আগে, ১৬ অগাস্ট কমিউনিটি শিল্ডে লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের বিপক্ষে খেলবে গতবারের এফএ কাপ জয়ী সিটি।