১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৪৪৯ মিনিটে ১৯ শটে ৭ গোল

এবারের লা লিগায় প্রতি ৮২ মিনিটে একটি গোল করেছেন ৩৭ বছর বয়সী রবের্ত লেভানদোভস্কি।

৪৪৯ মিনিটে ১৯ শটে ৭ গোল
রবের্ত লেভানদোভস্কি। ছবি: বার্সেলোনা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 07:11 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

মৌসুমের তিন ভাগের এক ভাগ শেষ হয়নি এখনও। চোটের আঘাতে এরই মধ্যে দুই দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে রবের্ত লেভানদোভস্কিকে। তারপরও এবারের লা লিগায় এখন পর্যন্ত বার্সেলোনার সফলতম স্কোরার ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার। সবশেষ সেল্তা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিকের পর পোলিশ তারকা বললেন, শুধু গোল করাই নয়, দলের খেলার ধরনেও সন্তুষ্ট তিনি।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে দলের ৪-২ গোলে জয়ের ম্যাচে জাদুকরি পারফরম্যান্স উপহার দেন লেভানদোভস্কি। প্রথমার্ধে তিনি দুই দফায় এগিয়ে নেন দলকে। দ্বিতীয়ার্ধে দলকে চতুর্থ গোল এনে দিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

লা লিগায় লেভানদোভস্কির তৃতীয় হ্যাটট্রিক এটি। প্রথম দুটি করেছিলেন ২০২৪ সালে; আলাভেস ও ভালেন্সিয়ার বিপক্ষে।

এবার লিগে ৯ ম্যাচে লেভানদোভস্কির গোল এখন ৭টি, হুলিয়ান আলভারেসের সঙ্গে যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার তিনি। ১৩ গোল নিয়ে চূড়ায় রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে লেভানদোভস্কির পরে আছেন ফেররান তরেস (৫টি)।

লেভানদোভস্কি এই ৭ গোল করেছেন ৯ ম্যাচে মাত্র ৪৪৯ মিনিট খেলে, স্রেফ ১৯টি শট নিয়ে। প্রতি ৮২ মিনিটে করেছেন একটি গোল। শুরুর একাদশে ছিলেন কেবল চার ম্যাচে। 

ম্যাচের পর নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা বলেন অভিজ্ঞ স্ট্রাইকার। 

“অবশ্যই আমি খুব খুশি, শুধু আমার গোল নিয়েই নয়, আমরা যেভাবে খেলেছি তাতেও। আমরা একটি দল হিসেবে খেলেছি। আমার মতে, এই ধরনের ম্যাচগুলোতে এটাই গুরুত্বপূর্ণ।”

এদিন শুরুতে রায়ো ভাইয়েকানোর মাঠে রেয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করায় বার্সেলোনা সামনে সুযোগ আসে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমানোর। সেই সুযোগ কাজে লাগিয়েছে তারা দারুণভাবে। ১২ রাউন্ড শেষে রেয়ালের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে আছে হান্সি ফ্লিকের দল। 

“রায়োতে যা হয়েছিল, তারপর আমরা বলেছিলাম, (শিরোপা) লড়াইয়ে ফিরে আসার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ধরনের ম্যাচ আমাদের অনেক সাহায্য করে এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য আরও শক্তি জোগায়।”

সামনের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ২২ নভেম্বর ঘরের মাঠে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।