Published : 12 May 2026, 11:31 AM
সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছেন গিয়ের্মো ওচোয়া। মেক্সিকোর ফুটবল ইতিহাসের ‘আইকনিক’ গোলরক্ষক আরেকটি বিশ্ব মঞ্চে খেলার প্রহর গুনছেন। অনুশীলন ক্যাম্পে যোগ দিয়ে তিনি বললেন, দেশের প্রতিনিধিত্ব করার ডাক পড়লে এখনও আগুনের আঁচ অনুভব করেন তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ইতোমধ্যে অনুশীলন ক্যাম্প শুরু করে দিয়েছে মেক্সিকো দল। সেখানে যোগ দেওয়ার কথা সোমবার নিজেই জানান ৪০ বছর বয়সী গোলকিপার।
আগামী ১ জুন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার কথা হাভিয়ের আগিরের। সবকিছু ঠিক থাকলে, সেখানে ওচোয়ার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।
২০০৬ সালে প্রথমবার বিশ্ব মঞ্চে পা রাখেন ওচোয়া। পরে অংশ নেন ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তার সামনেও সর্বোচ্চ ছয়টি বৈশ্বিক আসরে খেলার হাতছানি। সেই লক্ষ্যে নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছেন তিনি।
“আবারও এই জার্সি পরা কখনোই গতানুগতিক কিছু নয়…এটা বিশেষ সম্মান। আজকে (জাতীয় দলের সঙ্গে) আমার শেষ অনুশীলন ক্যাম্প শুরু। তবে এবার এটিকে ভিন্নভাবে দেখছি।”
অবশ্য ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত কদিন আগে দিয়েছেন ওচোয়া। শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে নামতে তর সইছে না তার।
“আমার অভিজ্ঞতা হয়েছে স্মরণীয় কিছু রাত, দারুণ কিছু ম্যাচ, জাতীয় সঙ্গীত যেটা এখনও আমাকে শিহরিত করে এবং কিছু মুহূর্ত, যা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে।”
“এখনও প্রতিবারই মেক্সিকো দল থেকে ডাক পড়লে আমার ভেতরে কিছু একটা আবার জেগে ওঠে।”
মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে ১৫২ ম্যাচ খেলেছেন ওচোয়া। সব মিলিয়ে ৬৫ ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। ২০১৪ আসরে ব্রাজিলের বিপক্ষে স্মরণীয় কয়েকটি সেভ করেছিলেন এই গোলরক্ষক। গত আসরে পোল্যান্ডের বিপক্ষে তারকা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কির পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি।
আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মেক্সিকো। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র।