Published : 04 Aug 2025, 07:31 PM
পুরো ম্যাচে একচেটিয়া আক্রমণে প্রতিপক্ষকে পুরোপুরি কোণঠাসা করে রেখে, এশিয়া সফরের শেষটাও দারুণ জয়ে রাঙাল বার্সেলোনা। কাতালান ক্লাবটির দাপুটে ফুটবলের সামনে কোনো সুযোগই পায়নি দক্ষিণ কোরিয়ার ক্লাব দেগু এফসি।
গাভির জোড়া গোলে দেগুতে সোমবার প্রীতি ম্যাচটি ৫-০ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। দলটির হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে জালের দেখা পেয়েছেন মার্কাস র্যাশফোর্ড। একটি করে আরও গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি ও আন্তোনি ফের্নান্দেস।
মাঠে কতটা আধিপত্য ছিল বার্সেলোনার, তা পরিসংখ্যানেও পরিষ্কার। ৭০ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৯টি শট নিয়ে ১৬টি লক্ষ্যে রাখতে পারে তারা। যেখানে স্বাগতিক দল নিতে পারে কেবল দুটি শট, সেগুলোও লক্ষ্যভ্রষ্ট।
প্রতিপক্ষের ওপর ম্যাচের ২১তম মিনিটে প্রথম আঘাত হানে বার্সেলোনা। ডান দিকে বল পায়ে দারুণ কারিকুরিতে দুজনকে ফাঁকি দিয়ে ডি-বক্সের মুখে গাভিকে খুঁজে নেন ইয়ামাল। আর বল ধরে দারুণ নিচু শটে দলকে এগিয়ে নেন গাভি।
আর বিরতির ঠিক আগে ডান দিক থেকে বল আলতো করে হাওয়ায় ভাসিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন গাভি। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আরেক দল সিউল এফসির বিপক্ষে ৭-৩ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
গাভির দুই গোলের মাঝে স্কোরলাইনে নাম লেখান লেভানদোভস্কি। ২৭তম মিনিটে বাঁ দিক থেকে জেরার্দ মার্তিনের ছয় গজ বক্সের মুখে বাড়ানো বল টোকায় জালে জড়ান পোলিশ তারকা। সিউলের বিপক্ষে দলের প্রথম গোলটি করেছিলেন তিনি।
৫৪তম মিনিটে দানি ওলমোর ডি-বক্সে ছোট করে বাড়ানো থ্রু পাস ধরে প্রথম ছোঁয়ায় নিচু শটে ব্যবধান আরও বাড়ান ১৭ বছর বয়সী ফরোয়ার্ড আন্তোনি ফের্নান্দেস। এর ১০ মিনিট পর আরেকটি পাসিং ফুটবলে শাণানো আক্রমণে, এরিক গার্সিয়ার পাস বক্সে পেয়ে ঠাণ্ডা মাথার প্লেসিং শটে দলের পঞ্চম গোলটি করেন কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া র্যাশফোর্ড।
প্রাক-মৌসুমের এই এশিয়া সফরের প্রথম ম্যাচে জাপানের ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা।
২০২৫-২৬ মৌসুমের প্রতিযোগিতামূলক ফুটবলে যাত্রা শুরুর আগে আগামী রোববার আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লা লিগা চ্যাম্পিয়নরা; জুয়ান গাম্পের ট্রফিতে কোমোর বিপক্ষে।