সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
Published : 22 Sep 2025, 10:14 PM
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ অপেক্ষায় ছিল সেমি-ফাইনালের প্রতিপক্ষ জানার। গতবারের মতো এবারও সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানকেই প্রতিপক্ষ পেয়েছে দল।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে সোমবার ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয় পাকিস্তান। আগের দিনই টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের সেরা হিসেবে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করে বাংলাদেশ।
নেপালকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও হারায় একই ব্যবধানে।
অন্য সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ১৭ বছর বয়স ক্যাটাগরিতে কখনও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ গত বছর ভারতের বিপক্ষে ফাইনালে ২-০ গোলে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের।
পাকিস্তান এই বয়স ক্যাটাগরিতে কখনও ফাইনালই খেলতে পারেনি। গতবার সেমি-ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষের পর টাইব্রেকারে তাদের ৮-৭ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।