১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুল ম্যাচে কুইয়াকে পাওয়ার আশায় ইউনাইটেড কোচ

সামগ্রিকভাবে তার দল ভালো অবস্থায় আছে, জানিয়েছেন মাইকেল ক্যারিক।

লিভারপুল ম্যাচে কুইয়াকে পাওয়ার আশায় ইউনাইটেড কোচ
ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 10:13 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

চোট কাটিয়ে উঠেছেন মাথেউস কুইয়া। দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক।

নিতম্বের সমস্যায় ভুগছিলেন ২৬ বছর বয়সী কুইয়া। যার ফলে দলের সবশেষ লিগ ম্যাচে খেলতে পারেননি তিনি। গত মঙ্গলবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ওই লড়াইয়ে ২-১ গোলে জিতে ইউনাইটেড।

ক্যারিকের কোচিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইউনাইটেড। ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে তার। আর কেবল দুই পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।

সেই লক্ষ্যে আগামী রোববার ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হবে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। কুইয়াসহ দলের আরও যারা চোট সমস্যায় ভুগছেন, শুক্রবার সংবাদ সম্মেলনে তাদের বর্তমান পরিস্থিতি জানালেন ক্যারিক।

“আমরা সত্যিই ভালো অবস্থায় আছি। মাথেউস কিছু কাজ করেছে, তাই আমরা আশাবাদী। লুক শ খেলতে প্রস্তুত কিনা, নিশ্চিত নই; তবে তাকে নিয়েও আশাবাদী। মাটাইস ডি লিখট এখনও (পূর্ণ ফিটনেস পাওয়া থেকে) পিছিয়ে আছে, সে এই ম্যাচে থাকছে না।”

“এছাড়া আমরা ভালো অবস্থায় আছি।”

চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে পাঁচ দল জায়গা পাবে। সেই দৌড়ে আছে লিভারপুলও। ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা।