Published : 05 Sep 2025, 06:25 PM
ক্যারিয়ারের সায়াহ্নে এসে তিক্ত স্মৃতিগুলো ভুলে থাকছেন লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে একটা সময় দেশের মাটিতে যে অভিযোগ, সমালোচনা, বিদ্রুপ সইতে হয়েছে, সেগুলো আর মনে করতে চাইছেন না ফুটবলের এই মহাতারকা। বরং দেশের মানুষের উজাড় করা ভালোবাসা উপভোগ করছেন প্রাণভরে।
দেশের মাটিতে নিজের শেষ অফিসিয়াল ম্যাচের পর মেসি বললেন, আর্জেন্টিনায় এভাবে ভালোবাসায় সিক্ত হওয়ার স্বপ্নই সবসময় দেখে এসেছেন তিনি।
ক্লাব ফুটবলে মেসি তার সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটিকে দিয়েছেন মুঠোভরে, সমর্থকদের ভালোবাসা পেয়েছেন অকুণ্ঠ। কিন্তু আর্জেন্টিনায় সেই ভালোবাসার সঙ্গে ছিল তীব্র সমালোচনাও। জাতীয় দলের প্রতি তার নিবেদন নিয়েও প্রশ্ন উঠেছে অনেক সময়।
বার্সেলোনায় দারুণ সফল ছিলেন মেসি। সব বড় শিরোপা জিতেছেন একাধিকবার। কিন্তু আর্জেন্টিনার হয়ে বড় কোনো শিরোপা জিততে পারছিলেন না তিনি। এক পর্যায়ে দেশের হয়ে হারেন টানা তিনটি ফাইনাল। ২০১৪ বিশ্বকাপের পর ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা। হতাশায় এক পর্যায়ে জাতীয় দল থেকে অবসরও নেন মেসি।
কিন্তু পরে মন বদল করে ফেরেন আন্তর্জাতিক ফুটবলে। ২০২১ কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন সামনে থেকে। ২৮ বছরের মধ্যে সেটাই ছিল তাদের বড় কোনো শিরোপা। পরের বছর কাতার বিশ্বকাপ জিতে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করেন মেসি। তার হাত ধরে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে ৩৬ বছর পর।
গত বছর কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। এই তিন বড় শিরোপার প্রথমটি জয়ের পর থেকে বার্সেলোনার মতো ভালোবাসা আর্জেন্টিনায় পেতে শুরু করেন মেসি। বিশ্বকাপ জয়ের পর তাকে নিয়ে উন্মাদনা যেন আকাশ স্পর্শ করে।
তিনি এখন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কাছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে খেলেছেন নিজের শেষ বাছাইয়ের ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ে ৩-০ ব্যবধানের জয়ে করেছেন জোড়া গোল।
এদিন বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে দেখা গেছে আবেগপ্রবণ এক মেসিকে।
“সবকিছুই অনেক বেশি আবেগের ছিল। মাঠে আমার অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। আমাদের মানুষের সামনে আর্জেন্টিনায় খেলা সবসময়ই আনন্দের। অনেক বছর ধরে আমরা ম্যাচের পর ম্যাচ উপভোগ করছি। আমি খুব খুশি, এখানে এভাবে শেষ করতে পেরে, যেটার স্বপ্ন আমি সবসময় দেখে এসেছি।”
বরাবরই আর্জেন্টিনার হয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন মেসি। লড়াই করেছেন নিজের সবটুকু দিয়ে। বিনিময়ে শুধু ভালোবাসাই চেয়েছেন। অনেক অপেক্ষার পর সেটা পেয়ে আপ্লুত আর্জেন্টিনা অধিনায়ক।
“অনেক বছর, আমি বার্সেলোনার ভালোবাসা পেয়েছিলাম। আমার স্বপ্ন ছিল, সেটা এখানেও পাওয়ার। নিজের দেশে, নিজের মানুষের থেকে। অনেক বছর ধরে, অনেক কিছু বলা হয়েছে; কিন্তু আমি কেবল ভালোগুলোই মনে রাখছি।”
“আমরা যেসব দিন কাটিয়েছি, তা ছিল অসাধারণ। আজ এখানে পয়েন্টের জন্য শেষ ম্যাচ ছিল।”