লা লিগা
Published : 25 Jan 2026, 11:17 PM
প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে বিরতির পর ভালো খেলল বার্সেলোনা। প্রতিপক্ষের দুই ভুলে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল তারা। পরে দর্শনীয় এক গোল করলেন লামিনে ইয়ামাল। রেয়াল ওবিয়েদোকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল হান্সি ফ্লিকের দল।
কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
দানি ওলমো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান রাফিনিয়া। তৃতীয় গোলটি করেন ইয়ামাল।
২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫২। আগের দিন শীর্ষে ওঠা রেয়াল মাদ্রিদ আবার দুই নম্বরে নেমে গেল ৫১ পয়েন্ট নিয়ে।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর, লা লিগায় গত রাউন্ডে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। সেই হতাশা পেছনে ফেলে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্লাভিয়া প্রাহাকে ৪-২ গোলে হারায় তারা। এবার ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল কাতালান দলটি।
সৌদি আরবের জেদ্দায় গত ১২ জানুয়ারি ফাইনালে রেয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর এই প্রথম ঘরের মাঠে খেলল বার্সেলোনা। খেলা শুরুর আগে সুপার কাপের ট্রফি দর্শকদের সামনে উঁচিয়ে ধরেন অধিনায়ক ফ্রেংকি ডি ইয়ং।

বল দখলে শুরু থেকে আধিপত্য করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না বার্সেলোনা। ৩১তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রসে বক্সে লাফিয়ে ঠিকমতো হেড করতে পারেননি রবের্ত লেভানদোভস্কি। গোলের জন্য তাদের প্রথম প্রচেষ্টা এটিই।
৪০তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শট করেন ওবিয়েদোর হাসান, সেটি ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে।
প্রথমার্ধে বার্সেলোনা তাদের সেরা সুযোগটি পায় যোগ করা সময়ের শেষ মুহূর্তে। মার্ক কাসাদোর ক্রসে দূরের পোস্টে রাফিনিয়ার ভলি ঠেকিয়ে দেন ওবিয়েদো গোলরক্ষক। প্রথমার্ধে গোলের জন্য পাঁচ শটের এই একটিই কেবল লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা।
৫২তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বক্সে আলগা বল পেয়ে যায় তারা। নিচু শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ওলমো।
৫৭তম মিনিটে সফরকারীদের আরেকটি ভুলে দ্বিগুণ হয় ব্যবধান। মাঝমাঠ থেকে গোলরক্ষককে ব্যাক-পাস দেওয়ার চেষ্টায় পারেননি এক ডিফেন্ডার। বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রাফিনিয়া।

এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১২টি, অ্যাসিস্ট আছে ৫টি।
গোলের তিন মিনিট পরই রাফিনিয়ার বদলি হিসেবে ফের্মিন লোপেসকে নামান বার্সেলোনা কোচ।
৭৩তম মিনিটে চমৎকার গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ইয়ামাল। এবারও গোলের উৎস ওবিয়েদোর ভুল থেকে। তাদের গোলরক্ষকের গোল কিকে মাঝমাঠের কাছে বল পেয়ে যান বার্সেলোনার কাসাদো। এই মিডফিল্ডারের পাস পেয়ে ওলমো ফ্লিক করেন বক্সে। অ্যাক্রোবেটিক ভলিতে বল জালে পাঠান ইয়ামাল।
যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত আরও, তবে লেভানদোভস্কির শট ব্যর্থ করে দেন গোলরক্ষক।
২১ ম্যাচের ১২টি হেরে ১৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে ওবিয়েদো।