Published : 25 Aug 2026, 04:15 PM
আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সিএএফ তো সমর্থনের কথা জানিয়েছে আগেই। এবার ক্যামেরুনের ফুটবল ফেডারেশনও আলাদা করে জিয়ান্নি ইনফান্তিনোর পাশে প্রকাশ্য অবস্থান নিল। ক্যামেরুনিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক স্ট্রাইকার সামুয়েল এতো বললেন, সামনের ফিফা নির্বাচন ঘিরে ইনফান্তিনোর বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই অপপ্রচার চলছে।
ফিফা টুর্নামেন্টের জন্য আলাদা একটি বাণিজ্যিক সংস্থা প্রতিষ্ঠা করে সেটির ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করার প্রস্তাব উত্থাপন করার পর থেকেই তুমুল সমালোচনার মধ্যে আছে ইনফান্তিনো। বিশ্বজুড়ে প্রবল চাপের মধ্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও তার অবস্থা টালমাটাল।
উয়েফা, এএফসি এবং কনকাকাফসহ বেশ কয়েকটি আঞ্চলিক ফুটবল সংস্থা এখনও তার বিরুদ্ধে সক্রিয় অবস্থানে আছে এবং তাকে ক্ষমতাচ্যুত করার জন্য অনাস্থা ভোটের প্রস্তাব আনার বিষয়টি বিবেচনা করছে। অনেকে তার পদত্যাগও দাবি করেছেন।
তবে তার পাশেও আছে অনেক সংস্থা। তাদের শক্তিতেই আগামী মার্চে ফিফার নির্বাচনে লড়বেন তিনি সভাপতির পদ ধরে রাখতে।
সেই পাশে থাকাদেরই একজন এতো। সোমবার প্রচারিত সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরুনের ইতিহাসের সফলতম গোলস্কোরার বলেন, মূলত নির্বাচনের আগে ইনফান্তিনোকে বিপদে ফেলতেই এসব করা হচ্ছে।
“আমার মনে হয়, এই সবকিছু ঘটছে সময়টার কারণে। সামনে একটি নির্বাচন আসছে, যেখানে জিয়ান্নি ইনফান্তিনো প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই সবকিছু ঘটেছে কারণ একটি নির্বাচন আসছে। এটাই এর মূল কারণ।”
খেলোয়াড়ি জীবনে রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার মিলান, চেলসি, রেয়াল মায়োর্কা, এভারটনের জার্সিতে মাঠে নেমেছেন এতো। গোল করেছেন চারশর বেশি। ক্যামেরুনিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে আছেন তিনি ২০২১ সালের ডিসেম্বর থেকে।
৪৫ বছর বয়সী সাবেক ফরোয়ার্ডের মতে, ইনফান্তিনো ফুটবলের পরিবর্তন এনেছেন এবং এমন দেশগুলোকে সুযোগ করে দিয়েছেন, যাদের আগে সেই সুযোগ ছিল না।
“সভাপতির কাজ হলো ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, সব দেশের উন্নতি ঘটানো।
তিনি একটি প্রস্তাব দিয়েছিলেন। ২১১ জন সদস্য একসঙ্গে বসে বিষয়টি নিয়ে বিতর্ক করার এবং সংখ্যাগরিষ্ঠের রায়কে প্রাধান্য দেওয়ার কথা ছিল। কিন্তু আমি নিশ্চিত, যে কণ্ঠস্বরগুলো উঠেছে, সেগুলো সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর নয়।”