Published : 19 Aug 2026, 12:45 AM
সবকিছু চূড়ান্তই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও চলে এলো। ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় নাম লেখালেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি।
২০২৪ সালের ব্যালন দ’র জয়ীকে চার বছরের চুক্তিতে দলে নেওয়ার কথা মঙ্গলবার জানায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গত রোববারই জানিয়েছিল, সাড়ে ছয় কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।
পরদিন রাতে বার্সেলোনায় পৌঁছান ৩০ বছর বয়সী এই ফুটবলার। বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে নেমে তিনি বলেন, “বার্সেলোনার হয়ে খেলাটা একটা স্বপ্নের মতো।” চ্যাম্পিয়ন্স লিগসহ অন্যান্য শিরোপা জয়ের লক্ষ্যেরও কথাও বলেন তিনি।
চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে পেছনে ফেলে এই মিডফিল্ডারকে দলে নিয়েছে বার্সেলোনা। চুক্তি স্বাক্ষরের পর রদ্রি বলেন, কাতালান ক্লাবটিই ছিল তার প্রথম পছন্দ। সিটির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
“আমি বলতে চাই, এখানে এসে আমি খুব খুশি। এটি বিশেষ একটি দিন, আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়। সিদ্ধান্তটি কঠিন ছিল। প্রথমত, সিটি ছেড়ে আসার কারণে, যারা আমাকে সবকিছু দিয়েছে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমার এই যাত্রাকে সহজ করে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
ফুটবল সম্পর্কে তাদের বোঝাপড়া ও মূল্যবোধের জন্য বার্সেলোনা সবসময়ই আমার কাছে বিশ্বের মানদণ্ড ছিল। এটা সত্যি যে, আমার কাছে অন্য একটি প্রস্তাবও ছিল, কিন্তু বার্সাই ছিল আমার প্রথম পছন্দ এবং বোর্ডকে সে কথাই আমি জানিয়েছিলাম।”
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ওই সময়ের ক্লাব রেকর্ড ছয় কোটি ২৮ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে সিটিতে নাম লেখান রদ্রি, এবং দ্রুতই পেপ গুয়ার্দিওলার স্কোয়াডে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন তিনি।
সিটির হয়ে সাত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৮টি ম্যাচ খেলেছেন রদ্রি। ক্লাবটির জার্সিতে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি এফএ কাপসহ মোট ১২টি বড় ট্রফি জিতেছেন তিনি।
হাঁটুর গুরুতর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমে অধিকাংশ সময় এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় গত মৌসুমেও অনেকটা সময় তিনি মাঠের বাইরে ছিলেন।
তবে সব সমস্যা পেছনে ফেলে, গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে সেরা ফর্মে আবির্ভুত হন রদ্রি এবং স্পেনের বিশ্বকাপে জয়ে অসাধারণ ভূমিকা রাখেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জয় করেন তিনি।
বিশ্বকাপের পর রদ্রির পিঠে ছোট একটি অস্ত্রোপচার হয়। ফলে বার্সেলোনার হয়ে তার অভিষেক বিলম্বিত হতে পারে।
আগামী রোববার এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের দল।