১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বপ্নযাত্রায় এবার আন্দ্রেয়েভাকে হারিয়ে সেমিতে র‍্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বর বয়াসোঁ

টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়াইল্ড কার্ড পেয়ে ফরাসি ওপেনের নারী এককের সেমি-ফাইনালে উঠলেন তিনি।

স্বপ্নযাত্রায় এবার আন্দ্রেয়েভাকে হারিয়ে সেমিতে র‍্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বর বয়াসোঁ
প্যারিসে বয়াসোঁর রূপকথার যাত্রা চলছেই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 09:21 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই র‍্যাকেট ফেলে পিঠ নিচে রেখে মাটিতে শুয়ে পড়লেন লোয়া বয়াসোঁ। দুই হাতে মুখ ঢেকে এভাবেই থাকলেন বেশ কিছুক্ষণ। গোটা গ্যালারি করতালিতে মুখরিত তখন। উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের পর দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বয়াসোঁ। ফরাসি ওপেনের নারী এককে একের পর এক চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দেওয়া খেলোয়াড় আরেকটি অঘটনের জন্ম দিয়ে উঠে গেলেন সেমি-ফাইনালে।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে বুধবার ষষ্ঠ বাছাই রাশিয়ার মিরা আন্দ্রেয়েভাকে ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারান র‍্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বরে থাকা বয়াসোঁ।

প্যারিসে গতবারের সেমি-ফাইনালিস্ট আন্দ্রেয়েভার বিপক্ষে প্রথম সেটে একটা সময়ে ৫-৩-এ পিছিয়ে ছিলেন ২২ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৮০ মিনিটের সেটটি তিনি জিতে নেন টাইব্রেকে।

দ্বিতীয় সেটে একটা পর্যায়ে ১৮ বছর বয়সী আন্দ্রেয়েভা এগিয়ে যান ৩-০তে, এরপর আর পাত্তা পাননি তিনি। অবিশ্বাস্য পারফরম্যান্সে টানা ছয় গেম জিতে পরের ধাপে পৌঁছে যান বয়াসোঁ।

গত বছর এই সময়ে বয়াসোঁ ছিলেন হাসপাতালের বিছানায়। গতবারের ফরাসি ওপেন শুরুর এক সপ্তাহ আগে হাঁটুতে গুরুতর চোট পান তিনি, করাতে হয় অস্ত্রোপচার।

প্যারিসে এবার ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা পান তিনি। এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে অভিষেক হয় তার। প্রথম তিন রাউন্ডে জয়ের পর শেষ ষোলোয় তিনি হারিয়ে দেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে। এবার হারালেন ষষ্ঠ বাছাইকে।

জয়ের পর কোর্টে শুয়ে পড়েন বয়াসোঁ। ছবি: রয়টার্স 

জয়ের পর কোর্টে শুয়ে পড়েন বয়াসোঁ

টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়াইল্ড কার্ড পেয়ে ফরাসি ওপেনের নারী এককের সেমি-ফাইনালে ওঠার কীর্তি গড়লেন বয়াসোঁ।

গত ৪০ বছরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচে থেকে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন তিনি।

এ ছাড়া ২০১১ সালে মারিয়ন বার্তোলির পর প্রথম ফরাসি নারী খেলোয়াড় হিসেবে প্যারিসে সেমি-ফাইনালে জায়গা করে নিলেন তিনি।

আনন্দ প্রকাশের ভাষা যেন খুঁজে পাচ্ছেন না বয়াসোঁ। কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি দর্শকদের প্রতি। 

“অবিশ্বাস্য। আমাকে এভাবে সমর্থন করার জন্য ধন্যবাদ। (অনুভূতি প্রকাশের) ভাষা খুঁজে পাচ্ছি না।”

ফাইনালে ওঠার লড়াইয়ে বয়াসোঁ খেলবেন দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাউফের বিপক্ষে। শেষ আটে স্বদেশী ম্যাডিসন কিসের বিপক্ষে ৬-৭ (৬-৮), ৬-৪, ৬-১ গেমে জেতেন গাউফ।