Published : 28 Sep 2025, 07:32 PM
দিয়েগো সিমেওনের ১৪ বছরের কোচিংয়ে লা লিগায় এবারই নিজেদের সবচেয়ে বাজে শুরু পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। এই পরিস্থিতিতে আসরে শতভাগ জয় পাওয়া একমাত্র দল রেয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া ছিল ভীষণ চাপের। সেই চাপ জয় করে শাবি আলোন্সোর দলকে উড়িয়ে দিয়েছে আতলেতিকো। দলের এমন পারফরম্যান্সে অনেক রকমের আবেগ খেলা করছে সিমেওনের মনে।
ঘরের মাঠে শনিবার মাদ্রিদ ডার্বিতে ৫-২ গোলে জিতেছে আতলেতিকো। ৭৫ বছরের মধ্যে প্রথমবার নগর প্রতিদ্বন্দ্বীদের জালে তারা দিতে পেরেছে পাঁচ গোল।
আতলেতিকোর হয়ে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেস, একবার করে জালের দেখা পেয়েছেন অঁতোয়ান গ্রিজমান, আলেকসান্দার সরলথ ও হবাঁন লু নহমাঁ। রেয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও আর্দা গিলের।
আসরে আগের ৬ ম্যাচে কেবল তিন গোল হজম করা রেয়ালের জালে কীভাবে গোল উৎসব করল আতলেতিকো, ম্যাচ শেষে ব্যাখ্যা করলেন সিমওনে।
“রেয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলের একটি এবং আজ আমাদের একটি দুর্দান্ত ম্যাচ খেলতে হতো।”
“শুরু থেকেই আমরা জানাতাম, আমরা কোথায় ওদের ক্ষতি করতে পারি। বাইরের দিকে নিকো (গনসালেস), (পাবলো) বারিয়োস, হুলিয়ান (আলভারেস), জুলিয়ানোর (সিমেওনে) আক্রমণ… তারা সেন্টার-ব্যাকদের টেনে এনেছে এবং (আলেকসান্দর) সারলথকে ছেড়ে দিয়েছে ভেতরে সুযোগ তৈরি করার জন্য। আমি মনে করি, দুটি গোল হজম করলেও দল ভালো করেছে।”
মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ছয় ম্যাচের কেবল একটিতে জিতেছিল আতলেতিকো। এই ক্লাবে কোচ হিসেবে নিজের চতুর্দশ মৌসুম কাটানো সিমেওনে বললেন, এই জয়ে কতটা আপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। ম্যাচের শেষ দিকে চোখে জল নিয়ে তাকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।
“মনে ভেতরে অনেক আবেগ কাজ করছিল। এই মৌসুমের শুরুটা ছিল কঠিন এবং অনেক মানুষের অনেক প্রচেষ্টা আপনারা দেখেন না, আর এটা ছিল বিস্ময়কর।”
ম্যানচেস্টার সিটি থেকে আলভারেসকে আতলেতিকোয় নিয়ে এসেছেন সিমেওনে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকারের জোড়া গোলের বড় ভূমিকা ছিল দলের জয়ে। তাকে প্রসংসায় ভাসালেন কোচ।
“হুলিয়ান দলের প্রতি, ক্লাবের প্রতি নিবেদিত এবং সে খুবই ভালো। সে প্রতিভাবান এবং কঠোর পরিশ্রম করে। শুধু আক্রমণেই ভূমিকা রাখে না, সে কঠোর পরিশ্রম করে এবং গতিময় ফুটবল খেলার জন্য দলের প্রতি নিবেদিত। তাকে আমাদের প্রয়োজন, তার যত্ন নিতে হবে এবং আশা করি, সে অনেক বছর এই ক্লাবে থাকবে।”
এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে আতলেতিকো। সমান সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।