১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উইমেন’স লিগ চ্যাম্পিয়ন নাসরিন একাডেমি

অপরাজিত থেকে প্রথমবারের মতো উইমেন’স প্রিমিয়ার লিগের শিরোপা জিতল নাসরিন একাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:29 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

মঞ্চ ছিল প্রস্তুত। শিরোপার ঘ্রাণ পেয়ে সাবিনা, সুমাইয়ারা একের পর এক গোলের ফুল ফোটালেন। ঢাকা রেঞ্জার্সকে উড়িয়ে প্রথমবারের মতো উইমেন’স প্রিমিয়ার লিগের শিরোপা জিতল নাসরিন একাডেমি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ঢাকা রেঞ্জার্সকে ১৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাসরিন একাডেমি। ২০১৯-২০ মৌসুমে রানার্সআপ হওয়া দলটি এবার পেল ট্রফির স্বাদ।

সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে এগিয়ে ছিল আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের সাগরিকা (১৫টি)। শেষ দিনে পাঁচ গোল করে তাকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতেছেন জাতীয় দলের তারকা ফরোয়ার্ড সাবিনা, ১৭টি।

বড় ব্যবধানের হার এড়ালেই শিরোপা জিতত নাসরিন একাডেমি-এমন হিসেব সামনে নিয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। অষ্টম মিনিটে বক্সের ভেতর থেকে সুমাইয়া মাতসুশিমার জোরাল শট গোলকিপারের গ্লাভস গলে বেরিয়ে জালে জড়ায়। একটু পর বাম পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। 

একাদশ মিনিটে সাবিনা খাতুন ভালো জায়গায় থেকেও নিজে শট নেননি, তিনি বাড়ান পাশেই থাকা মারিয়া মান্দাকে; অনায়াসে স্কোরলাইন ৩-০ করেন এই মিডফিল্ডার।

পঞ্চদশ মিনিটে গোলমুখ থেকে নিচু শটে ব্যক্তিগত গোলের খাতা খোলেন সাবিনা। চার মিনিট পর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড।

৩৮তম মিনিটে কর্নারের পর দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে যান সুমাইয়া, বাম পায়ের নিখুঁত শটে স্কোরলাইন ৬-০ করেন তিনি। নাসরিনও ছুটতে থাকে বড় জয়ের পথে।

সুমাইয়ার পাস ধরে ৪০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। ৪৩তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান তিনি। এ গোলেই তিনি পেছনে ফেলেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা সাগরিকাকে। ৬২তম মিনিটে নিজের পঞ্চম গোলটি করেন সাবিনা।

৪৭তম মিনিটে ঋতুপর্ণার গোলে ৯-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নাসরিন একাডেমি। ৫৮তম মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন সুমাইয়া। এরপর মনিকা চাকমা ও শামসুন্নাহার একবার করে জালের দেখা পান।

৭৬তম মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার সাথে মারুফা আক্তারের সংঘর্ষ হয়। বল জালে জড়ালেও ফাউলের কারণে গোল হয়নি। রক্তাক্ত হয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন মারুফা। খেলা চালিয়ে যেতে পারেননি রুপনাও। তার বদলি নামেন সাগরিকা আক্তার। জাল অক্ষত রেখেই ম্যাচ শেষ করেন তিনি।

৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সেরা হলো নাসরিন একাডেমি। ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সেনাবাহিনী ১৮ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়।