Published : 02 Jan 2026, 06:03 PM
লিডস ইউনাইটেডের বিপক্ষে আক্রমণে আধিপত্য করলেও, ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছু করতে পারেনি লিভারপুল। শেষ পর্যন্ত তাই শক্তিতে অনেক পিছিয়ে থাকা দলের কাছে পয়েন্ট হারাতে হয় তাদের। দলের এমন পারফরম্যান্সে এবং কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় ভীষণ হতাশ অ্যানফিল্ডের দলটির কোচ আর্না স্লট।
ঘরের মাঠে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে গোলশূন্য ড্র করে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল দলটি।
যদিও তাদের অপরাজেয় পথচলা অক্ষত আছে এখনও; সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে হারের তেতো স্বাদ পায়নি প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা।
গত ডিসেম্বরের প্রথম সপ্তাহেও এই লিডসের বিপক্ষে জিততে পারেনি লিভারপুল। ওই ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয় স্লটের দলের। লিগে সেদিন প্রথম লেগের ম্যাচটি ৩-৩ ড্র হয়।
অনেক হতাশার মাঝে এবার যে গোল হজম করেনি দল, তাতেই নিজেদের উন্নতি দেখছেন স্লট।
“(ম্যাচ দুটি) ভিন্ন কারণ শেষবার আমরা যোগ করা সময়ে গোল হজম করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দুই ম্যাচের ফলই ড্র, আর এটা হতাশার।”
লিডসের বিপক্ষে এদিন ৬৬ শতাংশ সময় বল দখলে ছিল লিভারপুলের। গোলের জন্য ১৬টি শট নেয় তারা, যেখানে লক্ষ্যে ছিল কেবল তিনটি। আর গোলের উদ্দেশ্যে চারটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে লিডস।
স্লটের মতে, ম্যাচ জিততে এবং ধারাবাহিকতা ধরে রাখাতে আগামী ম্যাচে গোলের আরও সুযোগ তৈরি করতে হবে।
“যতটা সময় আমরা বল দখলে রেখেছি, যতগুলো সুযোগ তৈরি করেছি, এমনটা (তারপরও জিততে না পারা) এই মৌসুমে প্রথমবার নয়। তবে আমার মনে হয় না, এটা যথেষ্ট কিংবা প্রত্যাশিত গোলের কথা ভাবলে হয়তো যথেষ্ট হওয়া উচিত; কিন্তু আমাদের আরও সুযোগ তৈরি করতে হবে।”
১৯ ম্যাচে ১০ জয় ও ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারীরা; শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তারা।