১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বপ্ন ছোঁয়ার দ্বিতীয় সুযোগ কিছুতেই হারাতে রাজি নন মার্কিনিয়োস

আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পিএসজি অধিনায়ক স্মরণ করলেন পাঁচ বছর আগের কষ্টের স্মৃতি।

স্বপ্ন ছোঁয়ার দ্বিতীয় সুযোগ কিছুতেই হারাতে রাজি নন মার্কিনিয়োস
পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের হার যে কতটা কষ্টদায়ক, খুব ভালো করে জানেন ও বোঝেন মার্কিনিয়োস। পাঁচ বছর আগে পিএসজির জার্সিতেই সেই তেতো অভিজ্ঞতা হয়েছিল তার। দলের ও নিজের ক্যারিয়ারের এই অপূর্ণতা ঘোচানোর সুযোগ আরেকবার পেয়ে কিছুতেই সেটা আর হারাতে চান না ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

ইউরোপ সেরা প্রতিযোগিতায় ২০১৯-২০ আসরের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজির। সেই কষ্ট ভুলতে, প্রথমবারের মতো ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে শনিবার ইন্টার মিলানের মুখোমুখি হবে প্যারিসের দলটি।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। 

ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাস গড়ার দ্বিতীয় সুযোগ পেয়ে কিছুতেই তা হাতছাড়া করতে চান না মার্কিনিয়োস। আগের দিন গণমাধ্যমে সেই প্রত্যয়ই ব্যক্ত করলেন পিএসজি অধিনায়ক।

“আমরা ভালো সময় কাটিয়েছি, খারাপ সময়ের মধ্যে দিয়েও গিয়েছি। আগামীকাল (শনিবার) আমাদের সামনে খুব সুন্দর একটি সুযোগ। আমরা ইতিহাসে জায়গা করে নিতে পারি। এই ক্লাব ও খেলোয়াড়ের জন্য সেটা হবে দুর্দান্ত এক অর্জন।”

“এটা আমার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের দ্বিতীয় সুযোগ এবং লড়াই ছাড়া সেটাকে হাতছাড়া হতে দিব না।”

৩৬ দলের নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে গিয়েছিল পিএসজি। প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছিল তারা, বাকি চারটির তিনটিতে হেরেছিল ও একটি ড্র করেছিল।

খাদের কিনারায় চলে যাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লুইস এনরিকের দল। প্রাথমিক পর্বে শেষ তিন ম্যাচ জিতে, নকআউটের প্লে-অফে ব্রেস্তকে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলে গুঁড়িয়ে শেষ ষোলোয় ওঠে তারা। এরপর, একে একে লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে হারিয়ে ওঠে ফাইনালে।

ইতোমধ্যে চলতি মৌসুমে ঘরোয়া তিন শিরোপার সবগুলো জেতা পিএসজির সামনে এখন শেষটা রাঙানোর পালা, ক্লাবের ইতিহাসের কোনো দল যা আগে করতে পারেনি।

আরও পড়ুন :

দেম্বেলে-মার্কিনিয়োসদের যে চ্যালেঞ্জ দিলেন পিএসজি কোচ

দেম্বেলের মনের কোণে ব্যালন দ’র, ভাবনায় শুধুই চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি

পিএসজির বিপক্ষে ফাইনালে ভুগতে হবে, জানেন ইন্টার মিলান কোচ

‘সত্যিকারের ফাইনালের’ আগে দারুণ আত্মবিশ্বাসী মার্তিনেস