Published : 18 Aug 2026, 02:05 AM
আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে সবকিছু একরকম চূড়ান্তই। ক্যারিয়ারের নতুন ঠিকানা বার্সেলোনায় ইতোমধ্যে পৌঁছে গেছেন রদ্রি। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ তারকা জানিয়ে দিলেন লক্ষ্যও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববারের প্রতিবেদনে জানায়, সাড়ে ছয় কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে রদ্রিকে দলে নিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চার বছরের চুক্তি করবেন ২০২৪ সালের ব্যালন দ’র জয়ী।
পরদিনই বার্সেলোনায় পৌঁছান রদ্রি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ৮টার একটু পর বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে নামেন তিনি। সেখানে গণমাধ্যমের ব্যাপক উপস্থিতি ও তার জন্য অপেক্ষারত ভক্তদের ভিড় ছিল।
বিমানবন্দর টার্মিনাল থেকে বেরোনোর সময় বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে রদ্রি বলেন, “এখানে আসতে পেরে আমি খুশি। গত কয়েকদিন নানারকম ঘটনার মধ্যে কেটেছে। আমি এখানে এসে রোমাঞ্চিত। বার্সেলোনার হয়ে খেলাটা একটা স্বপ্নের মতো।”
নতুন মৌসুমের লক্ষ্যের কথাও বলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার, “আমরা চ্যাম্পিয়ন্স লিগ এবং আমাদের সামনে সবকিছু জয়ের জন্য লড়ব।”
ম্যানচেস্টার সিটির সঙ্গে কাগজপত্রের কাজে দেরি না হলে, বার্সেলোনার লক্ষ্য মঙ্গলবার এই দলবদলের চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা এবং বুধবার তাদের নতুন খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেওয়া। এই দিনটি কাম্প নউয়ে মিশরীয় দল আল আহলির বিপক্ষে তাদের হোয়ান গাম্পের ট্রফির ৬১তম আসরের সঙ্গে মিলে যাবে।
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ওই সময়ের ক্লাব রেকর্ড ছয় কোটি ২৮ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে সিটিতে নাম লেখান রদ্রি, এবং দ্রুতই পেপ গুয়ার্দিওলার স্কোয়াডে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে ওঠেন তিনি।
সিটির হয়ে শিরোপা সমৃদ্ধ সাত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৮টি ম্যাচ খেলেছেন রদ্রি। হাঁটুর গুরুতর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমে অধিকাংশ সময় এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় গত মৌসুমেও অনেকটা সময় বাইরে ছিলেন তিনি।
তবে সব সমস্যা পেছনে ফেলে, গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে সেরা ফর্মে আবির্ভুত হন রদ্রি এবং স্পেনের বিশ্বকাপে জয়ে অসাধারণ ভূমিকা রাখেন। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জয় করেন তিনি।
বিশ্বকাপের পর রদ্রির পিঠে ছোট একটি অস্ত্রোপচার হয়। ফলে বার্সেলোনার হয়ে তার অভিষেক বিলম্বিত হতে পারে।