Published : 20 Aug 2026, 08:00 PM
লিগ আঁর শিরোপা ধরে রাখার অভিযান শুরুর আগে একটা ধাক্কা খেয়েছে পিএসজি। রেঁনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারছে না ফরাসি চ্যাম্পিয়নরা। অতিরিক্ত তাপপ্রবাহের জন্য বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঠ পাক দি ফ্রাঁস।
রাজধানীতে রোববার লিগ আঁয় নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা ছিল পিএসজির। সূচিতে পরিবর্তন আনায় এখন তারা ওই ম্যাচ খেলবে ব্রহতানিয়ায়। লিগের একজন কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পাক দি ফ্রাঁসে ম্যাচ আয়োজন করতে দেননি তারা।
অস্বাভাবিক পরিস্থিতিতে ভেন্যু বদলের সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট বুঝতে পেরেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা বলেছে, আগামী ৪ সেপ্টম্বর মোনাকোর বিপক্ষে নিজেদের পরের হোম ম্যাচের আগে পাক দি ফ্রাঁসের আউটফিল্ড পাল্টাবে তারা।
তাপপ্রবাহে ভুগছে ফ্রান্স। গত ২৪ জুনে প্যারিসের তাপমাত্রা ছিল প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। দেশের প্রায় অর্ধেক অংশে সেদিন ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছিল। চলতি গ্রীষ্মে পশ্চিম ইউরোপে তাপমাত্রা অনেক বেশি। ফ্রান্সের বিভিন্ন অংশে দাবানলের ঘটনা ঘটেছে।