হুবেন অ্যামুরির কণ্ঠে এবার চাকরি হারানোর শঙ্কা
সপ্তাহ ঘুরতেই যেন ওল্ট ট্র্যাফোর্ডে আবহ বদলে গেছে, কঠিন বাস্তবতা বুঝতে পারছেন পর্তুগিজ কোচ।
ব্যর্থতা আষ্টেপৃষ্টে জেঁকে বসলেও এতদিন যেন আত্মবিশ্বাসীই ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। সবশেষ ম্যাচে হারের পরও বলেছিলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে কোনোরকম দুর্ভাবনা নেই তার। তবে, সপ্তাহ ঘুরতেই যেন পাল্টে গেল পরিস্থিতি। কঠিন বাস্তবতা বুঝতে পেরে বললেন, কাঙ্ক্ষিত ফল না মিললে তাকে ছাঁটাই করা হতে পারে।
গত মৌসুমটা ভীষণ বাজে কাটানোর পর এবার ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্তুগিজ এই কোচ। কিন্তু দলটির মাঠের পারফরম্যান্সে উন্নতির কোনো আভাস নেই। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে হেরে আসর শুরু করা দলটি প্রথম ছয় রাউন্ডে জিততে পেরেছে মাত্র দুটি ম্যাচ।
সঙ্গে একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৪ নম্বরে নেমে গেছে তারা। মাঝে চতুর্থ সারির দলের বিপক্ষে হেরে লিগ কাপ থেকে শুরুতেই বিদায় নিয়েছে ইউনাইটেড।
গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর অ্যামুরি বলেছিলেন, “নিজের চাকরি নিয়ে আমি কখনও দুশ্চিন্তায় ভুগি না, আমি সে ধরনের মানুষ নই।”
কিন্তু বাস্তবতাকে তো আর পাশ কাটানো যায় না। পরের রাউন্ডে মাঠে নামার আগের দিন অ্যামুরির কণ্ঠেও তাই নতুন সুর। সান্দারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগের দিন তার কথায় রইল দুশ্চিন্তার ছাপ।
“আমরা বুঝতে পারছি, এই পরিকল্পনায় এগিয়ে যেতে হলে আমাদের ফল (জয়) দরকার। এভাবে চললে আমরা এমন এক জায়গায় পৌঁছে যাব, যেখানে সবার জন্যই চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। কারণ এটা অনেক বড় একটা ক্লাব, যার অনেক স্পন্সর আছে, মালিক দুজন। তাই এটা কঠিন, ভারসাম্য রাখা খুব কঠিন।”
বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় ঘরের মাঠে সান্দারল্যান্ডের মুখোমুখি হবে অ্যামুরির দল।
অ্যামুরির কৌশল নিয়েও সমালোচনা হচ্ছে খুব। তার ওপর তো আস্থা পুরোপুরি হারিয়ে ফেলেছেন ক্লাবটির গ্রেট ফুটবলারদের একজন ওয়েইন রুনি। তার মতো মত আরও অনেকের।
অনেক ফুটবল বোদ্ধাদের মতে, অ্যামুরির উচিত ৩-৪-২-১ ফর্মেশনে বদল আনা। তবে তিনি তেমনটা ভাবেন না, নিজের কৌশলেও কোনো সমস্যা দেখেন না। আগের মতোই বললেন, কৌশলের কারণে নয়, তার দল ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না ছোট ছোট কিছু কারণে।
“কল্পনা করুন, আমরা যদি প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে জয় পেতাম এবং তারপর যদি (ফুলহ্যামের বিপক্ষে) পেনাল্টিটা মিস না করতাম এবং ভালো না খেলেও ম্যাচটা জিতে যেতাম। কল্পনা করুন, এমনটা হলে ক্লাবের সবকিছুতে, এই কৌশলে, যেভাবে আমরা খেলি, সবকিছুতে মানুষের বিশ্বাস থাকতো, তখন সবকিছু অন্যরকম হতো।”
কিস্তু বাস্তবে এসবের কিছুই হয়নি। গত বছর ওল্ড ট্র্যাফোর্ডে কোচ হয়ে আসার পর থেকে দলটিতে এখনও ইতিবাচক কিছু বয়ে আনতে পারননি অ্যামুরি। তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে ৩৩ ম্যাচ খেলে মাত্র ৯টি জিততে পেরেছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা, যদিও সেসব স্মৃতি যেন এখন সুদূর অতীত।
