Published : 27 Feb 2026, 08:12 PM
লিভারপুলের জার্সিতে শুরুর হতাশা কাটিয়ে নিজেকে খুঁজে পাওয়ার মাঝেই মাঠের বাইরে ছিটকে গেলেন ফ্লোহিয়ান ভিয়েৎস। পিঠের চোটে ভুগছেন এই মিডফিল্ডার এবং তিনি কবে নাগাদ ফিরতে পারবেন, কোনো ধারণা নেই কোচ আর্না স্লটের।
প্রিমিয়ার লিগে গত রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় চোট পান ভিয়েৎস। স্বাভাবিকভাবেই সেদিন আর মাঠে নামতে পারেননি তিনি। ওই ম্যাচে একেবারে শেষ সময়ের গোলে জয় পায় লিভারপুল।
মাস দুয়েক ধরে বেশ ছন্দে ছিলেন ভিয়েৎস। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৩ ম্যাচে ছয়টি গোল করেন ২২ বছর বয়সী এই জার্মান ফুটবল। লিভারপুলের হয়ে এখন পর্যন্ত সাতটি অ্যাসিস্টও করেছেন তিনি। কোচ স্লটের পরিকল্পনা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন তিনি।
তাইতো ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে স্লট বললেন, ভিয়েৎসকে হারানো বড় ধাক্কা।
“(কবে ফিরবেন?) না, (জানি না), এই মুহূর্তে (জানি না)।”
“সাধারণত আমি বলি যে আমি জানি, কিন্তু খোলাসা করতে চাই না। কিন্তু এখন এক্ষেত্রে আমি সত্যি জানি ন। এই সময়ে তার চোট অবশ্যই হতাশাজনক… তার জন্য তো অবশ্যই হতাশার; আমাদের জন্যও বিষয়টা একইরকম, কারণ সাম্প্রতিক সময়ে সে খুব, খুব ভালো খেলছিল।”
প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় আগামী সপ্তাহে তারা খেলবে গালাতাসারাইয়ের বিপক্ষে। তার আগে আগামী শুক্রবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মুখোমুখি হবে স্লটের দল।
এই ম্যাচগুলোতেও ভিয়েৎসের খেলার সম্ভাবনা ক্ষীণ।