১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবারও হাঁটুর চোটে শঙ্কায় লুকা এরনঁদেজ

পিএসজি ডিফেন্ডারের চোট নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

আবারও হাঁটুর চোটে শঙ্কায় লুকা এরনঁদেজ
বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন পিএসজির ফরাসি ডিফেন্ডার লুকা এরনঁদেজ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2024, 05:23 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে হেরে যাওয়া ম্যাচে আরেকটি বড় ধাক্কাও খেয়েছে পিএসজি। চোট পেয়ে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার লুকা এরনঁদেজ। আপাতত তার চোট খুব গুরুতর মনে না হলেও, শঙ্কা রয়েই গেছে। 

চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে নিকলাস ফুয়েলখুগের একমাত্র গোলে জয় পায় জার্মান ক্লাবটি। ম্যাচের ৪২তম মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি সেন্টার-ব্যাক এরনঁদেজ।

তার চোট নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে এএসের প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার ঘরের মাঠের ফিরতি লেগে তার খেলার সম্ভাবনা নেই।

গণমাধ্যমটির সূত্রমতে, এরনঁদেজের চোটের এরই মধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে। প্রথমবার করা স্ক্যান রিপোর্টের ফল খুব আশাব্যাঞ্জক নয়; এমনকি তার লিগামেন্ট ছিঁড়েও যেতে পারে, সেক্ষেত্রে আগামী জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন না বিশ্বকাপ জয়ী ফুটবলার।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এরপর জানা যাবে চোটের প্রকৃত ধরন এবং কতদিন তাকে বাইরে থাকতে হবে।

হাঁটুর চোটের কারণেই গত বিশ্বকাপের প্রায় পুরোটাই বাইরে ছিলেন এরনঁদেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচের নবম মিনিটে আঘাত পাওয়ার আর কোনো ম্যাচে খেলতে পারেননি তিনি।