Published : 16 Aug 2026, 07:39 PM
গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি প্রথম ম্যাচেই। মালয়েশিয়া গিয়ে তাই রোববার শেষ দিনের প্রস্তুতি সেরে নিয়েছেন গোলাম রব্বানী ছোটন। সেখানে ট্যাকটিক্যাল, অ্যাটাকিং, সেট-প্লে সবকিছু নিয়েই কাজ করেছেন তিনি। ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড়দের কীভাবে বোতলবন্দী করে রাখতে হবে, সেটাও শিখিয়ে দিয়েছেন ডিফেন্ডারদের।
এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে মাঠের লড়াইয়ে সোমবার মুখোমুখি হবে দুই দল। লিকাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি ও গুয়ামের রোভার্স এফসি। গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়নরাই পরের ধাপে যাবে, সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলই রাজশাহী স্টার্সের মূল বাধা হতে পারে।
ভারতের জাতীয় দলের খেলোয়াড় তো আছেই, সেই সঙ্গে ইস্ট বেঙ্গল শক্তি বাড়িয়েছে ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি, ডিফেন্ডার আদামা আলহাসান, ফরোয়ার্ড আবিগেইল অ্যান্টউইদের নিয়ে।
প্রতিপক্ষ দলের এই খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকলেও, ছোটন আত্মবিশ্বাসী নিজের রক্ষণভাগ নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে শিষ্যদের ইতিবাচক মনোভাব দেখে তিনিও হয়ে উঠছেন আশাবাদী।
“বিকালে অনুশীলন করেছি। মেয়েরা মানসিকভাবে চাঙ্গা আছে। ট্যাকটিক্যাল ও স্কোরিং নিয়ে কাজ করেছি। এছাড়া কিভাবে আক্রমণে উঠব, রক্ষণ সামলাব, সেট-প্লে এগুলো নিয়ে কাজ করেছি। ইস্ট বেঙ্গলের তিন বিদেশিকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ওদের আটকাতে হবে। আমাদের রক্ষণের সামর্থ্য আছে তাদের আটকে রাখার।”
“আমাদের আক্রমণভাগে ঋতুপর্ণা (চাকমা) থাকলে তো অবশ্যই ভালো হতো। কিন্তু ফিফা উইন্ডোর ঝামেলার কারণে তাকে পেলাম না। তবে, এ নিয়ে এখন আর ভাবছি না। দলে যারা আছে, তাদেরও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। সবচেয়ে বড় কথা, মেয়েরা ভীষণ ইতিবাচক ভালো কিছু করার জন্য।”