০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্কালোনিই আর্জেন্টিনার কোচ থাকুক, চান জানেত্তি

সাবেক এই ডিফেন্ডার মনে করেন, কোচিংয়ে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই।

স্কালোনিই আর্জেন্টিনার কোচ থাকুক, চান জানেত্তি
খেলোয়াড়দের উদ্দেশে কথা বলছেন লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 04:44 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

টানা চারটি বড় প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়া কোচদের বদল করার কোনো প্রয়োজন দেখেন না হাভিয়ের জানেত্তি। সাবেক এই ডিফেন্ডার মনে করেন, লিওনেল স্কালোনির কোচিং স্টাফের সবার দায়িত্বে থেকে যাওয়া উচিত। 

স্কালোনির কোচিংয়ে পাঁচটি বড় প্রতিযোগিতায় খেলেছে আর্জেন্টিনা। এর চারটিতে ফাইনালে খেলে জিতেছে তিনটি শিরোপা। তার সময়ে লাতিন আমেরিকার দেশটির সবচেয়ে বাজে ফল, ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় হওয়া। মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় পরের দুই আসরেই চ‍্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

২০২২ কাতার আসরে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সদ‍্য সমাপ্ত উত্তর আমেরিকা আসরে হয় রানার্সআপ। স্পেনের বিপক্ষে ফাইনালে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে স্কালোনি বলেন, আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশনের (এফএফ) প্রধানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। 

আগামী ২১ সেপ্টম্বর থেকে ৬ অক্টোবরের মধ‍্যে দুটি প্রীতি ম‍্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে এএফএ প্রধান ক্লাউদিয়ো তাপিয়ার সঙ্গে কথা বলবেন স্কালোনি। 

আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও ইন্টার মিলান গ্রেট জানেত্তি তোদো নোতিসিয়াসের সঙ্গে আলাপচারিতায়, সাবেক সতীর্থের কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন। 

“আশা করি, স্কালোনি ও তার টেকনিক‍্যাল স্টাফের সব সদস‍্য থাকবে। কারণ জাতীয় দল নির্ভরযোগ‍্যদের হাতে আছে।”