উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 29 May 2026, 10:50 AM
গোল পাওয়া এমনিতেই দারুণ অনুভূতির। সেটি যদি আবার ১১ সেকেন্ডে পাওয়া হয়, প্রথম আন্তর্জাতিক গোল হয়, তাহলে তো কথাই নেই। মালদ্বীপের জালে পাওয়া গোলটি নিয়েই মিক্সড জোনে কথা বলতে গিয়ে তাই উচ্ছ্বাস ঠিকরে পড়ল আনিকা রানিয়া সিদ্দিকীর চোখে-মুখে।
তা পাওয়ারই কথা। গত মার্চে উইমেন’স এশিয়ান কাপে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক আনিকার। এরপর উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষেও খেলেছেন এই সুইডেন প্রবাসী। কিন্তু গোল ছিল অধরা। ভারতের গোয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে ধরা দিল সেটি।
মাঠেই আনিকার উদযাপন ছিল বাঁধনহারা। জার্সিতে থাকা লাল-সবুজের পতাকা চুম্বন করে উচ্ছ্বাসে মেতেছিলেন তিনি। ওই গোলের অনুভূতি নিয়ে বলতে গিয়ে ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের কণ্ঠেও থাকল অন্যরকম আবেগ।
“অবশ্যই এটি বিশেষ কিছু। স্পেশাল লাগছে এবং হ্যাঁ, দেশের জয়ে প্রথম গোল পাওয়াই খুবই খুশি আমি। গোলটি আমি দেশের মানুষের জন্য উৎসর্গ করছি।”
আনিকার এই গোলের পরই বিস্ময়করভাবে সুযোগগুলো হারাতে থাকে বাংলাদেশ। দুইবার অবশ্য দেয়াল হয়ে দাঁড়ায় পোস্ট। নষ্ট হওয়া সুযোগ নিয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হতাশা আড়াল করেননি কোচ পিটার জেমস বাটলার। হতাশ আনিকাও।
“আমার মনে হয়, আমরা কিছুটা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম এবং শুরুর মতো ধারাল ছিলাম না। ফিনিশিং এবং নিখুঁত ক্রস বাড়ানোর ক্ষেত্রে আমাদের ঘাটতি ছিল। এগুলো নিয়ে কাজ করতে হবে আমাদের।”
এবারের আসরে স্বাগতিক ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে নিজেদের সামর্থ্য দেখিয়েছে তারা। আগামী রোববার তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনাল খেলতে হলে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের বিকল্প নেই আনিকাদের সামনে।
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শিরোপাধারী বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে গেছে কিনা। আনিকা এ নিয়ে কোনো কথাই বলতে চাইলেন না। পাশে দাঁড়িয়ে থাকা টিম বাসের দিকে ছুটতে ছুটতে শুধু বললেন-নো কমেন্টস।