স্প্যানিশ ফুটবল
Published : 23 Mar 2026, 07:56 AM
আগের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া হোয়ান গার্সিয়াকে নিয়ে কিছুটা দুর্ভাবনা ছিল। কিন্তু রায়ো ভাইয়েকানোর বিপক্ষে পুরো সময় দারুণ খেলে শঙ্কার কালো মেঘ সরিয়ে দিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক।
কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচে ভাইয়েকানোকে ১-০ গোলে হারায় বার্সেলোনা। স্বাগতিকদের গোলটি করেন রোনাল্দ আরাউহো। তবে, দুর্দান্ত কিছু সেভ করে ম্যাচ সেরা হন গার্সিয়া।
গত বুধবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ ৭-২ গোলে জেতে বার্সেলোনা। ওই লড়াইয়ের ৮২তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন ২৪ বছর বয়সী গার্সিয়া। দলের পরের ম্যাচে তাকে পাওয়া নিয়ে তখন জাগে সংশয়। কিন্তু সমস্যা কাটিয়ে ঠিকই মাঠে ফিরলেন তিনি।
মৌসুম জুড়ে বার্সেলোনার জার্সিতে আলো ছড়াচ্ছেন গার্সিয়া। যার ফলে প্রথমবারের মতো স্পেন জাতীয় দলেও ডাক পেয়েছেন তিনি। চলতি মাসের শেষ দিকে সার্বিয়া ও মিশরের বিপক্ষে ম্যাচের জন্য তাকে দলে রেখেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
রায়ো ভাইয়েকানোকে হারানোর পর, জাতীয় দলে যোগ দিতে মুখিয়ে থাকার কথা বলেন গার্সিয়া।
“(জাতীয় দলে) ডাক পেয়ে আমি খুবই খুশি। আমি অনেক রোমাঞ্চিত, নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। আমি ভালো আছি। একটু বেশি খেলার চাপ পড়েছিল, গুরুতর কিছু নয়।”
ভাইয়েকানোর বিপক্ষে এবারের মৌসুমে প্রথম দেখায় ১-১ ড্র করে বার্সেলোনা। এবারও তাদেরকে বেশ চ্যালেঞ্জ জানায় দলটি। ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করলেন গার্সিয়া।
“এই তিন পয়েন্ট পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকে ধারণার চেয়ে বেশি লড়াই করতে হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা তিন পয়েন্ট পেয়েছি।”
“দারুণ এক কোচের সঙ্গে তারা চমৎকার একটি দল। ম্যাচের জন্য তারা খুব ভালো প্রস্তুতি নেয় এবং জানে, আমাদের কোথায় আঘাত করতে হবে। এটা আমাদের সেরা ম্যাচ ছিল না, তবে গুরুত্বপূর্ণ হলো আমরা জিতেছি।”
২৯ ম্যাচে ২৪ জয় ও এক ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।