Published : 12 Apr 2026, 03:44 PM
৭ ম্যাচ বাকি থাকতে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ায় খেলোয়াড়দের কেউ কেউ মনে করতে পারেন, কাজ শেষ হয়ে গেছে। কারও কারও মাঝে আত্মতুষ্টিও চলে আসতে পারে। এমন কিছু একদমই দেখতে চান না হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ মনে করিয়ে দিয়েছেন, শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি হয়নি এখনও।
লা লিগার ম্যাচে শনিবার এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা।
৩১ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে কাতালান ক্লাবটির পয়েন্ট ৭৯। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে।
মায়োর্কার বিপক্ষে হারের পর জিরোনার বিপক্ষে ড্র করেছে রেয়াল। এই সময়ে নিজেদের দুই ম্যাচ জিতে ব্যবধান বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। লিগের বাকি সময়টায় দলকে জয়ের ধারাতেই দেখতে চান ফ্লিক।
এস্পনিওল ম্যাচের পর সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেছেন, দলের কারও মাঝে আত্মতুষ্টি দেখতে চান না তিনি।
“এটা এখনও শেষ হয়নি। নয় পয়েন্টের ব্যবধান ভালো, তবে আমরা এখনও কাজ শেষ করতে পারিনি। আমরা এই মানসিকতা নিয়ে খেলতে পারব না, আমি এটা মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত শিরোপা নিষ্পত্তি না হবে, আমাদের নিজেদের সেরা ফুটবল খেলতে হবে। আর এরপরও আমাদের এভাবে এগিয়ে যেতে হবে। আশাকরি, মঙ্গলবার সেটা দেখতে পারব।”
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে অন্তত ৩-০ ব্যবধানে জিততে হবে তাদের। এস্পানিওলের বিপক্ষে জয়ের পর আতলেতিকোর মাঠে ওই ফল অসম্ভব মনে হচ্ছে না ফ্লিকের কাছে।
“আমাদের মিরাকল প্রয়োজন নেই, আমাদের একটি ভালো ম্যাচ প্রয়োজন। আর সেটা করার সামর্থ্য আছে আমাদের। যে কোনো কিছুই সম্ভব। আতলেতিকো চমৎকার একটি দল, তবে আমাদেরও একটি ভালো দল আছে আর সেটা করার সামর্থ্য আমাদের আছে।”
“আমরা নেতিবাচক কিছু ভাবছি না, আমরা ইতিবাচক আছি। আমাদের চোট সমস্যা ছিল, আমরা মাঠে ফিরেছি… আমাদের সামলে নিতে হয়েছে। এখন পর্যন্ত আমাদের অর্জন দুর্দান্ত। এখন আমরা চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে যেতে চাই। আমাদের লা লিগা জয়ের মান এবং মানসিকতা আছে। স্রেফ মান দিয়ে আপনি কোনো কিছু জিততে পারবেন না। আমরা লা লিগা জিততে পারি, তবে এটা এখনও শেষ হয়নি।”